বাংলাদেশ-চীন বন্ধুত্বের ৫০ বছর পূর্তিতে দু’ দেশের মধ্যকার ক্রীড়া সহযোগিতা-২০২৫ সালে নতুন মাত্রা পেয়েছে। এরই পরিপ্রেক্ষিতে গত ২৪ মে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ ক্রিকেট সেন্টার’-এর শুভ উদ্বোধন করেন এবং মহাপরিচালক মিনজু বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট প্রতিষ্ঠার লক্ষ্যে বিকেএসপি থেকে সর্বাত্বক সহযোগিতা প্রদানের বিষয়ে আশ্বস্ত করেন। পক্ষান্তরে মিনজু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও বিকেএসপিতে তাই চি খেলা প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবার প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল ২০২৫ সালে ২১ সদস্যের একটি চীনা প্রতিনিধি দল বিকেএসপি পরিদর্শন করেন এবং বিকেএসপিতে ‘বাংলাদেশ-চীন তাই চি সেন্টার’-এর উদ্বোধন করা হয়। পাশাপাশি তাই চি খেলা প্রশিক্ষণের জন্য চীনের দু’জন ইন্সট্রাকটর এক মাসের জন্য প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন। পক্ষান্তরে চীনের একজন প্রশিক্ষক ও তিনজন প্রশিক্ষণার্থী বিকেএসপিতে ক্রিকেট প্রশিক্ষণ গ্রহণ করেন।

গত ১২ ডিসেম্বর ২০২৪ চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান, বিকেএসপি ও চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়, যা বাংলাদেশের ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। চুক্তি অনুযায়ী মিনজু বিশ্ববিদ্যালয় এবং বিকেএসপি যৌথভাবে ‘বাংলাদেশ-চীন ইয়ুথ ক্যাম্প’ সাংস্কৃতিক বিনিময়, দু’ প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক/ প্রশিক্ষক বিনিময়, উভয় অনুষদ এবং ছাত্রদের জন্য স্কলারশিপ প্রদান, ছাত্রদের জন্য যৌথ উন্নয়ন এবং বিনিময়, গবেষণা উপকরণ, প্রকাশনা, প্রতিবেদন এবং অন্যান্য একাডেমিক তথ্য বিনিময়, যৌথ গবেষণা প্রকল্পের আয়োজন, শিল্পকলার পাঠদান কোর্সে সহায়তা, অন্য কোন একাডেমিক ক্রিয়াকলাপ যা উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং অনুষদ উভয়ের জন্য পারস্পরিক সুবিধা বয়ে আনবে। গত ১৫ মে ২০২৪ তারিখে ইউনান মিনজু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমঝোতা চুক্তির শুভেচ্ছা স্মারক হিসেবে ইউনান মিনজু বিশ্ববিদ্যালয় বিকেএসপির ফুটবল ও বক্সিং বিভাগের দু’জন প্রশিক্ষণার্থীকে বিশেষ স্কলারশিপ প্রদান করেন। বর্তমানে তারা উক্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন। এ বছর বিকেএসপির আরো চারজন প্রশিক্ষণার্থীকে মিনজু বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ প্রদানের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

ক্রীড়া ক্ষেত্রে সুদূর প্রসারী পরিকল্পনায় বিকেএসপি তার দিগন্ত প্রসারে চীনের আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করেছে। সে লক্ষ্যে গত ২৬ মে বিকেএসপি ও চীনের উহান স্পোর্টস বিশ্ববিদ্যালয়ের মধ্যে আরো একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। উক্ত সমঝোতার আলোকে উহান স্পোর্টস বিশ্ববিদ্যালয় বিকেএসপিতে একটি রিহ্যাবিলেটেশন সেন্টার ও আনুসাঙ্গীক বিষয়ে সহায়তা প্রদান এবং বিকেএসপির প্রশিক্ষণার্থীদের ক্রীড়া বিষয়ে উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপ প্রদান করবে। অপর পক্ষে বিকেএসপিও উহান বিশ্ববিদ্যালয়ে ক্রিকেটের উন্নয়নে সকল প্রকার সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেছে।

এছাড়া বিকেএসপি গত ১৩ ডিসেম্বর ২০২৪ তারিখে চীনের বেইজিং স্পোর্টস বিশ্ববিদ্যালয় (BSU) এবং বিকেএসপির মধ্যে একটি সমঝোতা চুক্তি বিষয়ে আলোচনা হয়। আলোচনায় BSU এবং বিকেএসপির মধ্যে ছাত্র বিনিময়, বিকেএসপিকে ক্রীড়াবিজ্ঞান এবং অন্যান্য সম্পর্কিত ক্ষেত্রে সহায়তা, বিকেএসপি থেকে শিক্ষক, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী বিনিময়ের পাশাপাশি অভিন্ন স্বার্থের অন্যান্য ক্ষেত্রেও সহযোগিতা করার বিষয়ে দু’পক্ষই একমত পোষণ করেন।

উল্লেখ্য, বেইজিং স্পোর্টস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-চায়না ক্রিকেট ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়।