‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানকে কুষ্টিয়ার আদালত চত্বরে হত্যাচেষ্টা মামলায় মাহমুদ হাসান (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া শহরের যুগিয়া সবজি ফার্ম এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিবি) মোরাদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারভুক্ত ২৬ নম্বর আসামি মাহমুদ হাসান কুষ্টিয়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড যুগিয়া সবজি ফার্ম এলাকার বাসিন্দা। তিনি কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (আওয়ামী লীগপন্থী) এর সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।

উল্লেখ্য, ২০১৮ সালের ২২ জুলাই কুষ্টিয়া আদালতে হাজিরা দিতে এসে ড. মাহমুদুর রহমানের উপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গত বছরের ১০ অক্টোবর মাহমুদুর রহমান শেখ হাসিনাসহ ৪৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ২০ থেকে ৩০ জনকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আদালত থেকে বের হওয়ার পর বাদীর উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। এজাহারে অভিযুক্ত মাহমুদ হাসানসহ অন্যান্য আসামিরা মারাত্মক অস্ত্র, রড, লাঠিসোঁটা, ইট-পাথর দিয়ে তাকে (বাদী) আক্রমণ করে।

উল্লেখ্য, মাহমুদ হাসানের বিরুদ্ধে নারী ব্যবসা, নকল ব্যান্ডরোলের ব্যবসা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদক ব্যবসার পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে।