নারায়ণগঞ্জ জেলা কারাগারের সামনের পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর ১২টায় ফতুল্লা মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের সংবাদের ভিত্তিতে কারাগারের সামনের পুকুর থেকে ১৩-১৪ বছর বয়সের এক ছেলের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। নাক দিয়ে রক্ত বের হতে দেখা গেছে, গাল ফুলা ছিল, পরনে পায়জামা ছিল।
তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে। তারপরও মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় জানতে চেষ্টা চলছে।
ওসি শরিফুল বলেন, ‘পুকুরটি কারাগারের সামনে হলেও কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। এ পুকুরে দিন-রাত যখন-তখন বহিরাগত নারী-পুরুষ ও শিশু-কিশোররা নেমে গোসল করে। এটি এভাবে নিরাপত্তাহীনতায় রাখা ঠিক নয়।
নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বলেন, ‘পুকুরটা কারাগারের সামনে হলেও সেটি সড়ক বিভাগের হওয়ায় নিরাপত্তার ব্যবস্থা করতে পারি না। তারপরও পুকুরটির নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট বিভাগে চিঠি দিয়েছি।’