চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন খাল দখল করা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সংস্কার করার দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা কৃষকদলের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তারা আগামী এক সপ্তাহের মধ্যে খালগুলো সংস্কার করে জলাবদ্ধতা থেকে হাজার হাজার মানুষকে মুক্ত করার জোর দাবি জানান। অন্যথায় নতুনভাবে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিক্ষোভ স্থলে এসে উপস্থিত হয়ে খাল সংস্কারের আশ্বাস দিলে কর্মসূচি শেষ করা হয়।

উপজেলা কৃষকদলের আহ্বায়ক আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও মিরসরাই উপজেলা যুবদল নেতা মোহাম্মদ সুমনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান, মিরসরাই পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন, সদস্য সচিব জাহিদ হুসাইন, উপজেলা বিএনপির সাবেক সদস্য শাহীনুল ইসলাম স্বপন, মিরসরাই উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মো: ফোরকান উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আবু দাউদ, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম হেলাল উদ্দিন, মায়ানী ইউনিয়ন বিএনপি নেতা সোহাগ ভূঁইয়া, শোয়েব হাসানসহ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, কিছুদিন আগে বিএডিসির গোভনিয়া খাল খনন শুরু করে। কিন্তু আবুতোরাব বাজার এলাকায় খালের উপর গড়ে উঠা অবৈধ স্থাপনা রক্ষা করতে সংস্কার করা হয়নি। এতে সামান্য বৃষ্টি হলে পুরো আবুতোরাব বাজার ও বড়তাকিয়া-আবুতোরাব সড়ক পানিতে তলিয়ে যায়। অনতিবিলম্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে খাল সংস্কার না করলে মঘাদিয়া, মায়ানী ও খৈয়াছড়া ইউনিয়নের মানুষ একত্রিত হয়ে এসব স্থাপনা উচ্ছেদ করবো।

মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম বলেন, এলাকাবাসীর দুর্ভোগ না, আমাদেরও দুর্ভোগ। খুব শিগগিরই স্থাপনা উচ্ছেদ করে খাল সংস্কার শুরু করবো।