কুমিল্লায় বাসচাপায় মোহাম্মদ শাকিল হোসেন (২২) ও শাহেদ শিমুল (২৪) নামে দুই মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, বৃহস্পতিবার (১৫ মে) রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারে এ দুর্ঘটনা ঘটে।
শাকিল হোসেন রাজধানীর মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকার মো: সালামের ছেলে এবং শিমুল ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব গোপাল গ্রামের পেয়ার আহমেদের ছেলে।
পুলিশ জানায়, শাকিল হোসেন ও শাহেদ শিমুল দুই বন্ধু মোটরসাইকেলে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। বাসটি চট্টগ্রামমুখী লেনে চলছিল। এদিকে মহাসড়ক ফাঁকা থাকায় দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায়।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, মোটরসাইকেল ও নিহত দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের স্বজনরা এলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।