নারায়ণগঞ্জ সিটি হকার্স মার্কেটের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৫ ব্যবসায়ীর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে জেলা প্রশাসন।

বুধবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বক্তব্যের শুরুতে তিনি রাজধানীর উত্তরায় সম্প্রতি বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের প্রতি শোক ও সহমর্মিতা প্রকাশ করেন।

জেলা প্রশাসক বলেন, ‘ব্যবসায়ীদের সৎভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি নকল ও ভেজাল পণ্য বর্জন এবং মানবিক আচরণ নিশ্চিত করতে হবে। কারণ, অসাবধানতাই বড় দুর্ঘটনার জন্ম দেয়। এ অনুদান ক্ষতিগ্রস্তদের ঘুরে দাঁড়াতে সহায়ক হবে। ভবিষ্যতে সরকারি সহায়তার সুযোগ এলে তা দেয়া হবে। এছাড়া ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণের বিষয়ে আলোচনা চলছে।’

অনুষ্ঠানে ২৫ জন ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা করে মোট ৬ লাখ ২৫ হাজার টাকার চেক দেয়া হয়। পরে সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে চিকিৎসা সহায়তা হিসেবে ১০ জনকে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকার চেক দেয়া হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আলমগীর হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আসাদুজ্জামান সরদার, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও মহানগরের সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক গোলাম সরোয়ার প্রমুখ।