চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) উপজেলা কনফারেন্স হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তারের সভাপতিত্বে আলোচনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় বক্তাগণ বলেন, জোর করে ক্ষমতায় থাকা কখনোই কারো জন্য কল্যাণ বয়ে আনতে পারে না- জুলাই আন্দোলন হলো এর অনন্য দৃষ্টান্ত। বক্তাগণ আরো বলেন, বাকস্বাধীনতা ও গণতন্ত্র হরণ করার দৃষ্টান্ত এই দেশে আর সৃষ্টি না হোক। একটি সুখী সমৃদ্ধ ও কল্যাণমুখী দেশ হিসেবে আমাদের জনজীবনে শান্তি ফিরে আসুক। জুলাই শহীদদের প্রতি সকলেই বিনয়াবনত শ্রদ্ধা জ্ঞাপন করেন।

জুলাই অভ্যুত্থান ও তার তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন যথাক্রমে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন, ওসি জোরারগঞ্জের পক্ষে উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, খবরিকা সম্পাদক মাহবুব পলাশ, কালের কণ্ঠ প্রতিনিধি এম আনোয়ার হোসেন, জুলাই ছাত্র আন্দোলন প্রতিনিধি মীরজাদা সোহেল প্রমুখ।

আলোচনা শেষে জুলাই আন্দোলনে শহীদদের রূহের মাগফেরাত কামনা ও মোনাজাত করা হয়।