সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে তল্লাশি চালিয়ে ইমাম হাসান (১৯) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় রজধানী পরিবহনের একটি বাস থেকে তাকে আটক করা হয়।

আটক ইমাম যশোরের অভয়নগর থানার মরহুম তরিকুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে সাভারের ব্যাংক টাউনে তার মায়ের সাথে বসবাস করেন বলে জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের একই স্থান থেকে মৌমিতা পরিবহনে তল্লাশির সময় আরো তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলো- ঢাকা জেলার নবাবগঞ্জ থানার কৈইলাইল গ্রামের মনির হোসেনের ছেলে তানভির হোসেন (১৮), একই জেলার সাভার থানার আনন্দপুর মহল্লার জিল্লুর রহমানের ছেলে মো: মামুন হাসান মুন্না (১৯) ও ময়মনসিংহ জেলার পাগলা থানার বাখনখালী গ্রামের মোকলেছুর রহমানের ছেলে সোহানুর রহমান (১৮)।

পুলিশ জানায়, মহাসড়কে ছিনতাই রোধে চলমান চেকপোস্টের অংশ হিসেবে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংকটাউন এলাকায় তল্লাশি পরিচালনা করে সাভার মডেল থানা পুলিশ। এ সময় তাদের আটক করা হয়।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞা জানান, গত ৩ মাসে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার ব্যাংক টাউন থেকে পুলিশ টাউন পর্যন্ত এলাকায় চলন্ত বাসে দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে স্বর্ণালংকার, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছিল চক্রটি। এসব ঘটনা বন্ধে জেলা পুলিশ সুপারের নির্দেশে ব্যাংক টাউন এলাকায় চেকপোস্ট কার্যক্রম শুরু করা হয়। সেই চেকপোস্টে সুইচ গিয়ার চাকুসহ ছিনতাইকারীদের আটক করা হয়।

পুলিশের এ কর্মকর্তা আরো জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হবে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অতীতের মতোই অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের উদ্দেশে তারা বাসে উঠেছিল। ঢাকা-আরিচা মহাসড়কে ছিনতাই প্রতিরোধে চলমান চেকপোস্ট তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ও সিঅ্যান্ডবি এলাকায় গত দুই মাসে অন্তত ছয়টি বাসে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ নিয়ে নয়া দিগন্তসহ বিভিন্ন গণমাধ্যমে নিউজ প্রকাশিত হলে যাত্রীরা মহাসড়কে পুলিশের টহল জোরদার করার আহ্বান জানায়। পরে এসব এলাকায় পুলিশের পক্ষ থেকে তল্লাশি কার্যক্রম শুরু করা হয়।