গাজীপুর মহানগর এলাকার জলাবদ্ধতা ও নাগরিক দুর্ভোগ দূর করতে ৫৭টি ওয়ার্ডে একযোগে ড্রেন পরিষ্কার অভিযান শুরু করেছে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক)।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টার দিকে নগরীর টঙ্গীতে ৫৪ নম্বর ওয়ার্ডের আউচপাড়া সুরতরঙ্গ রোড এলাকায় ড্রেন পরিষ্কার কার্যক্রম উদ্বোধন করেন গাসিক প্রশাসক মো: শওকত হোসেন সরকার।
ড্রেন পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করে গাসিক প্রশাসক মো: শওকত হোসেন সরকার বলেন, যত সময়ই লাগুক, টঙ্গীর সব ড্রেন পরিষ্কার করে সচল করা হবে। নাগরিকদের জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি দিতে আমরা বদ্ধপরিকর।
তিনি বলেন, বছরের পর বছর ময়লা-আবর্জনায় ভরে থাকা ড্রেনগুলো পানি চলাচলের পথ বন্ধ করে দিয়েছে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দিচ্ছে। জমে থাকা পানি থেকে ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ বিভিন্ন রোগের জীবাণু ছড়াচ্ছে। এ অবস্থা থেকে নগরবাসীকে মুক্তি দিতেই এ অভিযান।
তিনি আরো বলেন, টঙ্গীকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য নগরীতে রূপ দিতে গাজীপুর সিটি করপোরেশন পরিকল্পিতভাবে কাজ করছে। শুধু ড্রেন পরিষ্কার নয়, প্রয়োজনীয় রাস্তা সংস্কার ও অবকাঠামো উন্নয়নও দ্রুত বাস্তবায়ন করা হবে।
পরে প্রশাসক নগরীর বিভিন্ন এলাকায় চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন এবং ৫২ নম্বর ওয়ার্ডের মুদাফা এলাকায় সম্প্রতি আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত ৩৫টি ভাড়াটিয়া পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
গাসিক সূত্রে জানা যায়, টঙ্গীর আউচপাড়া, খরতৈল, দেওড়া, মুদাফা, সাতাইশ, গাজীপুরা, দত্তপাড়া, আরিচপুর ও আশপাশের এলাকাসহ গাসিকের ৫৭টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ড্রেন পরিষ্কার, রাস্তা সংস্কার, আরসিসি ড্রেন ও সড়ক নির্মাণের কাজ বাস্তবায়ন করা হবে।
এসময় গাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, প্রধান প্রকৌশলী আব্দুল বারেক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো: জহিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো: লেহাজ উদ্দিনসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক বসির উদ্দিন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি আসাদুর রহমান কিরণ, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব ভিপি আসাদুজ্জামান নূর, মহানগর বিএনপির সাবেক দফতর সম্পাদক আব্দুর রহিম খান কালা, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সফিউদ্দিন সফি, টঙ্গী থানা ছাত্রদলের সাবেক সভাপতি মো: আইয়ুব আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।