খাগড়াছড়ির মাটিরাঙ্গা এবং পানছড়ি সীমান্ত এলাকা থেকে নারী ও শিশুসহ ৬৬ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৭ মে) সকালে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয়।

সূত্র জানায়, মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর সীমান্ত থেকে ২৭ জন, পানছড়ি উপজেলার রুপসেনপাড়া থেকে ২৪ জন, তাইন্দং থেকে ১৫ জনসহ মোট ৬৬ জনকে আটক করা হয়েছে। শান্তিপুর থেকে আটক ২৭ ভারতীয় নাগরিকরা প্রত্যেকেই নিজেদের ভারতের গুজরাট রাজ্যের বাসিন্দা এবং মুসলিম বলে দাবি করেন। তারা গুজরাটি ও বাংলা ভাষায় কথা বলতে পারেন। বাকিদের ব্যাপারে এখনো বিস্তারিত জানা যায়নি।

আটক ব্যক্তিরা জানান, তাদেরকে প্রথমে গুজরাট থেকে বিমানে করে সীমান্তে নিয়ে আনা হয় এবং বিএসএফ সদস্যরা শান্তিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করান। এর আগে গুজরাট হতে দুটি বিমানযোগে আনুমানিক ৪৫০ জনকে প্রথমে ত্রিপুরা রাজ্যে আনা হয়।

খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা জানান, ‘অবৈধ অনুপ্রবেশের দায়ে এ পর্যন্ত ৬৬ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিজিবি তাদেরকে আটক করেছে। আমরা তাদেরকে দ্রুততম সময়ে ফেরত পাঠানোর চেষ্টা করছি।