রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু'পক্ষের সংঘর্ষে হাসিবুর রহমান (২৮) নামের এক যুবক নিহতের মামলায় পাঁচ আসামিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৬ মে) দিবাগত রাতে আসামিদের আটক করা হয়।
আটক হওয়া আসামিরা হলেন আবুল হোসেন (৪৮), নূর ইসলাম (৩৫), ওয়াজেদ (৫৫), শাহীন (২৩) ও নিজাম (৪০)। তারা উপজেলার হোজা অনন্তকান্দি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৫ মে) রাতে নিহত হাসিবুরের বাবা আবুল কাশেম ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫ থেকে ২০ জনের নামে একটি হত্যা মামলা করেন। মামলার পর থানা পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দি গ্রামে জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে বুধবার বিকেলে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় হাসিবুর রহমান নিহত হন। এ ঘটনায় আহত হয় আরো ১১ জন।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, ‘দু'পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত হাসিবুরের বাবা থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পরে পাঁচজনকে আটক করা হয়। থানায় আইনিপ্রক্রিয়া শেষে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের আটক করতে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে পাঁচ ভাইয়ের জমিজমা সংক্রান্ত দ্বন্দ্বের জেরে দু’পক্ষের মধ্যে গ্রুপে বিভক্ত হয়। সালিশের পর দিন কথা-কাটাকাটির একপর্যায়ে রেজাউল করিম ওরফে হক মাস্টার ও হান্নান গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়। আহতদের মধ্যে বুধবার রাত সাড়ে এগারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসিবুরের মৃত্যু হয়। মামলার পরে পাঁচজনকে আটক করে দুর্গাপুর থানা পুলিশ।