পটুয়াখালীর কলাপাড়ায় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপন হচ্ছে রাখাইন সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ‘গুরুদক্ষিণা’।
শুক্রবার (২৩) সকালে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলতলী গ্রামের শ্রী শ্রী তুলতলী বনবিহারে এ উৎসবের উদ্বোধন করা হয়।
উৎসবের শুরুতে রাখাইন সম্প্রদায়ের নারী-পুরুষ ও উপাসক-উপাসিকারা বিহারে এসে পঞ্চশীল নেন। তারপর অনুষ্ঠিত হয় গুরুদক্ষিণা দেয়া পর্ব। যেখানে পটুয়াখালী ও বরগুনা জেলার সর্বজন শ্রদ্ধেয় ও বয়োজ্যেষ্ঠ সঙ্গরাজ ভান্তে উইকুইনন্দা মহাথের মহোদয়কে দান-দক্ষিণা দেয়া হয়। পরে তিনি উপস্থিত সকলের উদ্দেশে আশীর্বাদ বাণী দেন।
এদিকে উৎসবে অংশ নেয়া রাখাইনরা একে অপরের কাছে অতীতের ভুলভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার প্রতিশ্রুতি দেন। পরে দিনব্যাপী চলে আহার দেয়া, ধর্মীয় আলোচনা ও সমবেত প্রার্থনার মতো নানা অনুষ্ঠান। উৎসবস্থলে ধর্মীয় ও সামাজিক সৌহার্দ্যের পরিবেশ ছিল।
উৎসবটি উপলক্ষে তুলতলী গ্রামে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। আশপাশের উপজেলা থেকে রাখাইন সম্প্রদায়ের মানুষজনও অংশ নেন এ ধর্মীয় অনুষ্ঠানে।
কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভিক্ষু ইন্দ্র বংশ বলেন, ‘আমরা কর্মজীবনে অনেক সময় অনিচ্ছাকৃত ভুল করি। গুরুদক্ষিণা উৎসবে এসে আমরা সিনিয়র ভিক্ষুদের কাছে ক্ষমা চাই, যেন সেই ভুল থেকে মুক্তি পেয়ে শুদ্ধ মন ও কর্মে ভবিষ্যৎ জীবন পরিচালিত করতে পারি।’
প্রতিবছর বর্ষাবাস শুরুর আগে রাখাইন সম্প্রদায়ের ধর্মীয় জীবনে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেছে এ গুরুদক্ষিণা উৎসব। শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতাই নয় বরং সামাজিক বন্ধন সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবেও বিবেচিত হচ্ছে উৎসবটি।