জাপানের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব জাপান (বিওজে) তার প্রধান নীতিগত সুদের হার অপরিবর্তিত রেখে ১ শতাংশে বহাল রেখেছে।

গত জুনে ব্যাংকটি সুদের হার ৩১ বছরের সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করার পর এবার তা অপরিবর্তিত রাখা হলো। একইসাথে চলতি বছরের জন্য দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস সামান্য বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

শুক্রবার বিওজে এক বিবৃতিতে জানায়, নীতিনির্ধারণী বোর্ডের সদস্যরা আট-এক ভোটে বেঞ্চমার্ক সুদহার ১ শতাংশে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছেন। বাজারেও এমন সিদ্ধান্তেরই প্রত্যাশা ছিল। টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সিদ্ধান্ত ঘোষণার পর ইয়েনের দর কিছুটা কমে যায়। এর একদিন আগে ডলারের বিপরীতে ইয়েনের দর বেড়েছিল। এতে, জাপানি কর্তৃপক্ষ বৈদেশিক মুদ্রাবাজারে হস্তক্ষেপ করেছে—এমন জল্পনাকে উসকে দেয়।

ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং ডলারের বিপরীতে প্রায় চার দশকের সর্বনিম্ন অবস্থানের কাছাকাছি ইয়েনের দর থাকায় কেন্দ্রীয় ব্যাংকের ওপর মুদ্রানীতি আরো কঠোর করার চাপ রয়েছে।

তবে চলতি অর্থবছরের মূল্যস্ফীতির পূর্বাভাস আগের ২ দশমিক ৮ শতাংশ থেকে কমিয়ে ২ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করেছে ব্যাংকটি।

ব্যাংকটি বিবৃতিতে বলেছে, ‘২০২৬ অর্থবছরে জাপানের অর্থনীতি প্রবৃদ্ধি অব্যাহত রাখবে বলে আশা করা হচ্ছে। তবে প্রবৃদ্ধির গতি কিছুটা ধীর হবে।’

বিবৃতিতে আরো বলা হয়, মধ্যপ্রাচ্যের সঙ্কটের কারণে জ্বালানি ব্যয়ের প্রভাব অর্থনৈতিক প্রবৃদ্ধিতে চাপ সৃষ্টি করবে। তবে সরকারের বিভিন্ন পদক্ষেপ, সহনশীল আর্থিক পরিস্থিতি এবং বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংশ্লিষ্ট চাহিদা বৃদ্ধির মতো বিষয়গুলো অর্থনীতিকে সহায়তা করবে। সূত্র : বাসস