ঈদের যাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা রিজিয়নে আট শতাধিক পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন। যান চলাচল নিরবচ্ছিন্ন রাখতে এসব পয়েন্টে হাইওয়ে পুলিশ ছাড়াও দু’শতাধিক রোভার স্কাউট সদস্য কাজ করবেন।

সোমবার (২৪ মার্চ) কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার মো: খায়রুল আলম বলেন, ‘নিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা রিজিয়নে আট শতাধিক পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন। হাইওয়ে পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবে যারা কাজ করবেন, তারা আলাদা পোশাক পেয়েছেন।’

কুমিল্লা অংশের ১২টি বিশেষ স্থানে যানজটের শঙ্কা রয়েছে। যান চলাচল নিরবচ্ছিন্ন রাখতে এসব পয়েন্টে হাইওয়ে পুলিশ ছাড়া দু’শতাধিক রোভার স্কাউট সদস্য কাজ করবেন। স্কাউটিং-এ প্রশিক্ষিত এসব সদস্যরা ২৫ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দায়িত্ব পালন করবেন।

রোভার স্কাউট কুমিল্লা জেলা রোভারের সম্পাদক মহিউদ্দিন লিটন বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঈদযাত্রা নিরাপদ করতে চিহ্নিত ১২টি স্থানে হাইওয়ে পুলিশের সাথে কাজ করবে দু’শতাধিক রোভার স্কাউট সদস্য।

রোভার স্কাউটদের প্রশিক্ষণ কর্মশালায় জেলা প্রশাসক মো: আমিরুল কায়সার বলেন, ‘মহাসড়কের ১২টি বিশেষ স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে থাকবে বিশেষ টিম। রোভার স্কাউটদের যারা এবার মহাসড়কে দায়িত্বপালন করবেন তাদের প্রয়োজনীয় সব কিছুর ব্যবস্থা করতে আমরা সাধ্যমতো চেষ্টা করব। বিআরটিএ, হাইওয়ে পুলিশ ও সড়ক-জনপথ বিভাগও সহযোগিতা করবে।’