নোয়াখালীর চাটখিল উপজেলায় থাইল্যান্ডি জুয়া চক্রের মূল হোতাসহ ছয় জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে তাদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হস্তান্তর করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন আব্দুস ছাত্তার (৩৬), মো: সোহেল (৩৫), নুর নবী (৩৪), কবির হোসেন (৪১), মো: ইকবাল (৪৫) এবং টিপু সুলতান (২৯)।

পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে গত সোমবার রাতে খিলপাড়া ইউনিয়নের মল্লিকাদীঘির পাড়া এলাকায় অভিযান চালিয়ে থাইল্যান্ডি জুয়া চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় জুয়া পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল মোন্নাফ বলেন, জুয়া, মাদক, সন্ত্রাস, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

তিনি আরো বলেন, এ সময় আরো ছয়জন সাজাপ্রাপ্ত ও মাদককারবারিকে গ্রেফতার করা হয়।