নওগাঁর মান্দা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) আওতায় দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক (এলসিএস) বাছাইয়ের লটারিকে কেন্দ্র করে অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একাধিক আবেদনকারী অভিযোগ করেছেন, তাদের উপস্থিতি ছাড়াই লটারি সম্পন্ন করা হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) সূত্রে জানা গেছে, এলসিএস শ্রমিক হিসেবে নিয়োগের জন্য ১৩৭ জন নারী আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ৫৪ জনের আবেদন বৈধ বলে বিবেচিত হয়। আবেদন গ্রহণের শেষ তারিখ ছিল ৭ জুলাই।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাকক্ষে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ১৬ জন নারীকে মনোনীত করা হয়।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আবেদনকারী অভিযোগ করেন, লটারির সময় তাদের কাউকে উপস্থিত থাকার জন্য জানানো হয়নি। বিষয়টি গোপন রেখে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

তাদের দাবি, আবেদনকারীদের উপস্থিতি নিশ্চিত করা হলে লটারির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠত না।

কয়েকজন আবেদনকারী আরো অভিযোগ করেন, টাকার বিনিময়ে পছন্দের ব্যক্তিদের সুযোগ করে দেয়া হয়েছে। এছাড়া লটারির সময় স্থানীয় জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতাদেরও উপস্থিত থাকতে দেখা যায়নি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা প্রকৌশলী আবদুল কাদের বলেন, লটারির তারিখ ও সময় নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছিল। তবে আবেদনকারীদের আলাদাভাবে মৌখিকভাবে জানানো হয়নি। বৃষ্টির কারণে আবেদনকারীরা উপস্থিত না থাকায় তাদের অনুপস্থিতিতেই লটারির কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, ‘আমি ওই লটারির অনুষ্ঠানে অতিথির মতো কিছু সময়ের জন্য গিয়েছিলাম, পরে চলে এসেছি। লটারি বা নিয়োগ বিষয়ে বিস্তারিত জানতে হলে এলজিইডির উপজেলা প্রকৌশলীর সাথে যোগাযোগ করতে হবে। তিনি এ বিষয়ে ভালো বলতে পারবেন।’