টাঙ্গাইলের মির্জাপুরে আলোচিত নয় বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি ফিরোজ মিয়াকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৬ মার্চ) রাত ১টার সময় পাশের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি উপজেলার আজগানা ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের মরহুম আব্দুল রশিদ মিয়ার ছেলে। তিনি পেশায় সিএনজিচালক।

পুলিশ জানায়, গত ১৭ ফেব্রুয়ারি ফিরোজ মিয়া দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসাছাত্রীকে (৯) টয়লেটের ভেতরে নিয়ে ধর্ষণ করে। ঘটনার এক সপ্তাহ পর স্থানীয় কয়েকজন গ্রাম্য মাতুব্বর এই ঘটনা ধামাচাপা দিতে সালিশ বৈঠক করে। সালিশে ধর্ষককে দেড় লাখ জরিমানা করা হয়। ঘটনার ১৯ দিন পর গত ৮ মার্চ শিশুটির মা ধর্ষক ও মাতুব্বরদের পাঁচজনের নাম উল্লেখ করে আরো দুই থেকে তিনজনকে অজ্ঞাত আসামি করে মির্জাপুর থানায় মামলা করেন। মামলার খবর পেয়ে আসামিরা আত্মগোপনে চলে যান। এরপর গত মঙ্গলবার ধর্ষক বাবাকে পালাতে সহায়তা করায় মেহেরপুর জেলার গাংনি থানার রামনগর গ্রামের ভুট্টাক্ষেত থেকে ধর্ষক ফিরোজ মিয়ার ছেলে সাব্বির হোসেনকে গ্রেফতার করা হয়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, প্রধান আসামি ফিরোজ মিয়াকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন। পাঁচ দিনের রিমান্ড চেয়ে রোববার টাঙ্গাইল আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।