সিলেটে তিন দফা দাবিতে এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসকরা কর্মবিরতির ডাক দিয়েছেন।

রোববার (১৫ জুন) বিকেলে শিক্ষানবিশ চিকিৎসকদের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য বাসযোগ্য কক্ষ বরাদ্দসহ অন্য দাবিতে এ কর্মসূচির ডাক দেয়া হয়। এতে হাসপাতালের আবাসিক রোগীরা ভোগান্তিতে পড়েছেন।

তবে সোমবার (১৬ জুন) বিকেলে কর্তৃপক্ষের সাথে বিষয়টির সাময়িক সমাধান হওয়ায় মঙ্গলবার (১৭ জুন ) তাদের কাজে যোগদানের কথা রয়েছে বলে জানা গেছে।

হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা জানান, ওসমানী মেডিক্যালের ইন্টার্ন হলের অধিকাংশ কক্ষ এখনো বসবাসের অযোগ্য। কিছু অংশে সংস্কার কাজ চলমান। এর মধ্যে প্রশাসনের নির্দেশে আবাসিক হলের কক্ষ থেকে তাদের জোর করে বের করে দেয়া হচ্ছে।

শনিবার দিবাগত মধ্যরাতে অন্তঃসত্ত্বা এক নারী শিক্ষানবিশ চিকিৎসককে চার ঘণ্টার মধ্যে কক্ষ থেকে বের হয়ে যেতে বাধ্য করা হয়েছে। এছাড়া নারী শিক্ষানবিশ চিকিৎসকদের অনুপস্থিতিতে কক্ষের তালা ভেঙে তাদের মালামাল বাইরে ফেলে দেয়া হয়েছে। এসব ঘটনার প্রতিবাদে তিন দফা দাবিতে তারা কর্মবিরতির ডাক দিয়েছেন।

তাদের দাবিগুলো হলো বাইরে বের করে দেয়ার ঘটনার কর্তৃপক্ষের দায় স্বীকার ও প্রকাশ্যে দুঃখ প্রকাশ, ঘটনার পূর্ণাঙ্গ ব্যাখ্যা ও দায়ীদের বিরুদ্ধে দ্রুততম সময়ে ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষানবিশ চিকিৎসকদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য আবাসিক কক্ষ নিশ্চিতকরণ ও বুঝিয়ে দেয়ার সুনির্দিষ্ট সময় ঘোষণা করা।

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক পরিষদের কমিটি গঠন হয়নি।

শিক্ষানবিশ চিকিৎসকদের নেতৃস্থানীয় কয়েকজনের সাথে আলাপ করে কর্মবিরতির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তারা বলেন, দাবি না মানা পর্যন্ত তারা কর্মবিরতি পালন করবেন।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী বলেন, ‘শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতির বিষয়টি তিনি জানেন না। তাদের আগেও একাধিকবার আলাদা হলে উঠতে নোটিশ দেয়া হয়েছে। কিন্তু তারা হলের কক্ষ ছাড়ছেন না। এমন অবস্থায় ১৭ জুন কলেজের ২৪৯ জন শিক্ষার্থী আবাসিক হলে উঠবেন। সেখানে শিক্ষার্থীদের কক্ষ বরাদ্দ দিতে হবে। এজন্য শিক্ষানবিশ চিকিৎসকদের আগে থেকেই বলা হচ্ছিল, তাদের বরাদ্দ করা হলে অবস্থান করতে। কিন্তু অনেকেই কথা শোনেননি। চূড়ান্ত সতর্কবাণী দিয়ে নোটিশ দেয়া হয়েছে। এরপর যারা কক্ষ পরিবর্তন করেননশিক্ষানবিশ চিকিৎসকেরা কর্মবিরতি পালন করেছিলেন।

এর আগে রোববার (১৫ জুন) সন্ধ্যার পর থেকে তারা এ কর্মসূচি শুরু করেন। সোমবার (১৬ জুন) দিনভর তারা কর্মবিরতি পালন করেন।

এদিকে হাসপাতালের প্রশাসন বিভাগ ও মেডিক্যাল কলেজের শিক্ষকেরা শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারে আলোচনার উদ্যোগ নিয়েছেন।

এ বিষয়ে হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক এমাদ উদ্দিন বলেন, তিন দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। কর্তৃপক্ষের সাথে আলাপ শেষে বিষয়টির সমাধান হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) সকাল থেকে তারা কাজে যোগদান করবেন।