‘হাজারো রক্তের দাগ না শুকাতে, হত্যাকারীদের বিচার নিশ্চিত না করেই রাজনৈতিক দলগুলো যেনতেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়’-এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের সহ-সেক্রেটারি ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক।

আজ মঙ্গলবার সোনাগাজী পৌর শহরের আল হেলাল একাডেমি অডিটোরিয়ামে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. মানিক বলেন, ‘আমরা ছেলে হারা মায়েদের, ভাই হারা বোনদের, স্বামী হারা স্ত্রীদের, বাবা হারা সন্তানদের কী জবাব দিব? ৩৬ জুলাইয়ের উদ্দেশ্য ছিল না যেনতেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা।’

পৌর জামায়াতের আমীর মাওলানা কালিম উল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. ফখরুদ্দিন মানিক এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আব্দুল হান্নান, সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, চট্টগ্রামের ব্যবসায়ী শামসুল হক এমকম, ফেনী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন প্রমুখ।

ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আব্দুল হান্নান বলেন, ‘জামায়াতে ইসলামীকে গণমানুষের দল হিসেবে তৈরি করতে হবে। গণমানুষের সমর্থন বা আস্থা ব্যাতিত আমরা এগিয়ে যেতে পারবো না।’

পৌর জামায়াতের সহ-সেক্রেটারি ডা. ইমাম উদ্দিন অনুষ্ঠান সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এবিপি শাহাদাত হোসেন, আব্দুর রহিম, ওমর ফারুক, আবু আহাম্মদ, আব্দুল আজিজ, গোলাম কিবরিয়া, আব্দুল মান্নান, মহসিন পাটোয়ারী প্রমুখ।