সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকায় মানিকগঞ্জগামী চলন্ত বাসে ছিনতাই হয়েছে।

সোমবার (২৪ মার্চ) রাত সাড়ে ৮টায় শুভযাত্রা পরিবহনে এই ছিনতাই হয়।

এ সময় ছিনতাইকারীরা প্রায় ২০টি মতো মোবাইল ফোন ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। গাড়ির ড্রাইভার ঘটনার সাথে জড়িত সন্দেহে যাত্রীরা ড্রাইভারসহ গাড়িটিকে ডেইরী গেট এলাকায় আটক করে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে মানিকগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা শুভযাত্রা পরিবহনটি সাভারের রেডিও কলোনি এলে ছিনতাকারীরা বাসে উঠে বিপিএটিসি পার হলেই দেশীয় অস্ত্র ও চাকু ব্যবহার করে সবাইকে ভয়ভীতি দেখিয়ে প্রায় ২০টি মতো মোবাইল ফোন ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। একপর্যায়ে গাড়িটির ড্রাইভার ভেতরের লাইট বন্ধ করে দিলে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। পরে যাত্রীরা গাড়িটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরী গেট পৌঁছালে লাইট বন্ধ করার কারণ জানতে গাড়িতে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ড্রাইভারসহ গাড়িটি আটক করে। এ সময় গাড়িতে হেলপারসহ মোট তিনজন থাকলেও হেলপার পালিয়ে যায়। যাত্রীদের সন্দেহ ড্রাইভার ঘটনার সাথে জড়িত থাকতে পারে। শুভযাত্রা পরিবহনে এর আগেও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রাতে বাসটি হাইওয়ে থানা পুলিশ তাদের হেফাজতে নেয়ার খবর পাওয়া গেছে।

সাভার হাইওয়ে থানার (এসআই) আনজিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় যাত্রীরা বাসের ড্রাইভারসহ বাসটি আটক করেছে। এ ঘটনার পর হেলপার পালিয়ে গেছে।