কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জাহিদুল ইসলাম দৌলতপুর উপজেলার বৈরাগীর চর এলাকার মরহুম শামসুদ্দিন আহমেদের ছেলে। তিনি উপজেলার ৪ নম্বর মরিচা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, জাহিদুলের বিরুদ্ধে দৌলতপুর থানায় একাধিক মামলা রয়েছে। সে মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে তার দেয়া তথ্য মতে বসতবাড়ির সিঁড়ির নিচে লুকানো একটি বস্তার ভেতরে রুমাল দিয়ে জড়িয়ে রাখা দেশীয় এক নলা ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
জাহিদুলকে অস্ত্রসহ দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।