মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘আমরা বিশ্বাস করি তরুণরা আগামীতে দেশ গঠনে ভূমিকা রাখেবে। জুলাই-আগস্ট আন্দোলনের পর ছাত্র-ছাত্রীরা মিলে যে অভূতপূর্ব সাফল্যের ধারা রেখেছে তা বাংলাদেশের ইতিহাসে বিরল।’

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সাভারে সিঅ্যান্ডবি এলাকার প্রাণিসম্পদ অধিদফতর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে ভেটেনারি পাবলিক হেলথ অ্যান্ড মাইক্রোবয়োলজি ল্যাবরেটরি উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ফরিদা আখতার আরো বলেন, ‘শিক্ষার্থীরা দল গঠন করছে। তারা নানাভাবে রাজনীতিতে সক্রিয় হচ্ছে। এটাকে আমি ইতিবাচক হিসেবে দেখছি। তারা দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবছে। এখানে যদি কিছু সমম্যা থেকেও থাকে, আমি মনে করি তারা শিগগিরই তা কাটিয়ে উঠবে।’

এ সময় উপদেষ্টা ফরিদা আখতার দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে সাংবাদিকদের বলেন, ‘আইন-শৃঙ্খলা একটু খারাপের দিকে গেছে। কিছু মানুষ দেশে উস্কানি দিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার কে ব্যর্থ করতে। তবে বর্তমান সরকার খুব শিগগিরই আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারবে এবং তারা কাজ করে যাচ্ছে।’