গত কয়েকদিন ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর হয়ে চলেছে। আজ শুক্রবার সকালেও সেই ধারা অব্যাহত রয়েছে।

এদিন সকাল ৮টায় ঢাকার বাতাস ১৭৫ একিউআই স্কোর নিয়ে সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে শ্রেণিবদ্ধ হয়েছে। বায়ুদূষণে ঢাকা যেখানে সবসময় বিশ্বে এক কিংবা দুই নম্বরে থাকে, সেখানে আজ পঞ্চম স্থানে।

এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই)-এর প্রকাশিত তথ্য অনুসারে, ২৩৩ একিউআই স্কোর নিয়ে আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে ভিয়েতনামের হ্যানয়, ২০৯ একিউআই স্কোর নিয়ে তার পরেই অবস্থান পাকিস্তানের লাহোরের, আর ১৯০ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি।

যখন কণা দূষণের একিউআই মান শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তখন তাকে ‘ভালো’ বিবেচনা করা হয়ে থাকে। এরপর একিউআই সূচক ৫১ থেকে ১০০-এর মধ্যে থাকলে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেয়া হয়। সূচক ১৫১ থেকে ২০০-এর মধ্যে হলে তা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া ৩০১ থেকে ৪০০-এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই সূচক পাঁচটি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এখানকার বাতাসের গুণমান সাধারণত ‘শীতকালে’ বেশি অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং ‘বর্ষাকালে’ উন্নত হয়। সূত্র : ইউএনবি