দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে ঢাকাসহ দেশের চারটি বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে সতর্কবার্তায় জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আজ বুধবার সকালে এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে আজ বুধবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮মিমি ২৪ ঘণ্টায়) থেকে অতি ভারী (>৮৮ মিমি/২৪ ঘণ্টা) বৃষ্টি হতে পারে।

সতর্কবার্তায় আরো বলা হয়েছে, অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। সেইসাথে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।