রাজধানীসহ দেশের ছয়টি বিভাগে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে ঝড়ো হাওয়ারও সম্ভাবনা না থাকায় সমুদ্রবন্দর ও নদীবন্দরগুলোতে কোনো সতর্কতা নেই।
আজ সোমবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা ও পাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
পূর্বাভাসে আরো বলা হয়েছে, আজ সকাল ৬টায় রাজধানীতে তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ। আর গতকাল রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। একইসাথে গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ২ দশমিক ২ মিলিমিটার।