শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টার মধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সঙ্গে থাকবে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এই পূর্বাভাস দিয়েছেন।

তিনি জানান, কালবৈশাখী ঝড় রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হবে। এরপর এটি নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ওপর দিয়ে বয়ে গিয়ে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দিকে অগ্রসর হবে।

এছাড়া, একই সময়ে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে।

শনিবার সারাদিন দেশের বেশিরভাগ স্থানে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বিশেষ করে মধ্যাঞ্চলে গুঁড়ি-গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা বেশি।

কালবৈশাখী ঝড় রংপুর বিভাগের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় বজ্রপাতের প্রবল আশঙ্কা রয়েছে। তাই বজ্রপাতের সময় খোলা আকাশের নিচে চলাফেরা বা কৃষিকাজ থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়েছে।

এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, রোববারও দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে। এরপর তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এবং গরমের তীব্রতা বৃদ্ধি পাবে।