দেশের চার সমুদ্রবন্দর থেকে সতর্ক সঙ্কেত প্রত্যাহার করা হয়েছে। তবে সন্ধ্যার মধ্যে দেশের সাত অঞ্চলের নদীবন্দরে বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়ার আশঙ্কা থাকায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
বৃহস্পতিবার আবহাওয়া অধিদফতরের সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে।
অন্যদিকে, দেশের চার সমুদ্রবন্দর থেকে পূর্বে জারি করা সতর্ক সঙ্কেত প্রত্যাহারের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর।
সংস্থাটি জানায়, উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খন্ড ও ছত্তিশগড় এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদফতরের বিশ্লেষণ অনুযায়ী, মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ রাজস্থান, মধ্য প্রদেশ, গভীর নিম্নচাপের কেন্দ্রস্থল, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এছাড়া বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।