হার দিয়ে শুরু করে জয় দিয়ে শেষ করল বাংলাদেশ নারী কাবাডি দল। নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের শেষ ম্যাচে ২৮-২৩ পয়েন্টে জিতে হাসিমুখে দেশে ফিরছে বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে নেপাল জয় পায় ৪১-১৮ পয়েন্টে। দ্বিতীয় ম্যাচ ২৯-২২ পয়েন্টে জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।
এরপর তৃতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ জয় পায় ২৬-২৩ পয়েন্টে। চতুর্থ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করে হেরে যায় শাহনাজ পারভীন ও মালেকার দল। ৩-২ ব্যবধানে সিরিজ হারলেও শেষটা রাঙানোর স্বস্তি নিয়েই দেশে ফিরছে তারা।
সিরিজ হারের ব্যবধান কমানোর লক্ষ্যে নেপালের ললিতপুরের সাতদোবাতোয় তায়কোয়ান্দো হলে খেলতে নেমে শুরুটা আশা জাগানিয়া ছিল না বাংলাদেশের মেয়েদের। প্রথামার্ধে নেপালের ১৪ পয়েন্টের বিপরীতে বাংলাদেশের ছিল ৭ পয়েন্ট। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। একের পর এক পয়েন্ট আদায় করে নিতে থাকে বাংলাদেশ দল। সময় গড়ানোর সাথে ব্যবধান বাড়িয়ে নিতে থাকে পারভীনরা। শেষ পর্যন্ত পাঁচ পয়েন্টের ব্যবধানে ম্যাচ জিতে নেয় তারা।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ জানিয়েছেন, ভারতে আসন্ন বিশ্বকাপ কাবাডির আগে এই সিরিজ বাংলাদেশের জন্য অনেক কাজে দেবে।
তিনি জানান, ‘এই সিরিজে আমাদের মেয়েরা ধারাবাহিক উন্নতি করেছে। বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের পদকের সম্ভাবনা আছে। এই সিরিজ থেকে মেয়েরা যে আত্মবিশ্বাস অর্জন করেছে তা বিশ্বকাপে কাজে দেবে।’