বরগুনার পাথরঘাটায় ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি রাজা ইলিশ ১৫ হাজার ৯৩০ টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য ঘাটে মেসার্স নিউ আল আমিন ফিস মাছটি কিনে নেয়।

এর আগে, বুধবার দিবাগত রাতে পাথরঘাটা উপজেলা সংলগ্ন বলেশ্বর নদীতে আলতাফ হোসেন মাঝির জালে মাছটি ধরা পড়ে।

আলতাফ মাঝির বাড়ি উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের টেংরা এলাকায়।

বিএফডিসি মৎস্য ঘাটের পাইকার ইমরান হোসেন রিফাত জানান, সকালে আলতাফ হোসেন মাঝি বিএফডিসি মৎস্য ঘাটে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের রাজা ইলিশটি বিক্রির জন্য নিয়ে আসেন। পরে নিলামের মাধ্যমে নিউ আল আমিন ফিসের পলাশ নামের এক পাইকার মাছটি ২ লাখ ৩৬ হাজার টাকা মণ দরে কিনে নেন।

তিনি জানান, অধিক লাভের আশায় মাছটি খুলনার বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হবে। বিএফডিসি পাইকারি বাজারে বড় ইলিশটির চাহিদা বেশ ভালো ছিল। নিলাম শেষে মাছটির দাম দাঁড়ায় ১৫ হাজার ৯৩০ টাকা।

ইমরান হোসেন রিফাত বলেন, গত বছরের তুলনায় এ বছর বড় ইলিশের সংখ্যা কম। তারপরও জেলের জালে এমন একটি বড় ইলিশ ওঠায় তারা খুশি।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘এত বড় ইলিশ আমরা কমই দেখতে পাই। বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য অবশ্যই সুখবর। গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলীয় এলাকাতেও এখন বড় ইলিশ পাওয়া যাচ্ছে। তবে জেলেরা আশানুরূপ মাছ পাচ্ছেন না। আশা করছি, সামনের দিনগুলোতে আরও বেশি ইলিশ মাছ ধরা পড়বে।’