জিতলেই ফাইনাল, আর ফাইনালে উঠলেই নিশ্চিত হবে এশিয়া কাপ। এমন সমীকরণ জেনেই শুক্রবার জাকার্তায় শেষ চারের ম্যাচে ওমানের মুখোমুখি হয় বাংলাদেশ জাতীয় হকি দল। তবে সমীকরণ মেলানো হয়নি।

এএইচএফ কাপের সেমিফাইনালে ওমানের কাছে ৫-৪ গোলে হেরেছে লাল সবুজের প্রতিনিধিরা। ফলে আসন্ন এশিয়া কাপে দেখা যাবে না বাংলাদেশের হকি দলকে। দর্শক হয়েই থাকতে হচ্ছে মামুনুর রশীদদের।

১৯৮২ সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপ হকি। ৪৩ বছরের মধ্যে এবারই প্রথম খেলা হচ্ছে না বাংলাদেশের। আগের প্রতিটি আসরেই অংশ নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এ হারের ফলে শেষ হলো বাংলাদেশের এএইচএফ কাপ আধিপত্য। ২০০৮ সাল থেকে টানা চার আসরে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। তবে এবার পঞ্চম শিরোপার মিশনে নেমে সেমিফাইনালে দর্শক হয়ে গেল বাংলাদেশ।

এদিন ম্যাচের অষ্টম মিনিটে আলিয়াস আল-নউফালির ফিল্ড গোলে লিড পায় ওমান। ১৩ মিনিটে সবুজের পেনাল্টি কর্নার (পিসি) গোলে সমতায় আসে বাংলাদেশ। ২৪ মিনিটে আশরাফুলের পিসি গোলে বাংলাদেশ ২-১ ব্যবধানে এগিয়ে যায়।

২৭ মিনিটে রাশাদ আল-ফাজারি পিসি থেকে, ৩০ মিনিটে ফাহাদ আল-লাওয়াতি এবং পরের মিনিটে আলিয়াস আল-নউফালির ফিল্ড গোলে ৪-২ ব্যবধানে লিড নেয় ওমান। তবে ৩৮ মিনিটে ওবায়দুল জয়ের গোলে বাংলাদেশ ব্যবধান কমায়।

এরপর তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে আরো এক গোল করে ৫-৩ ব্যবধানে এগিয়ে যায় ওমান। শেষ কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে আবারো গোল করেন সবুজ, স্কোরলাইন হয় ৫-৪।

শেষ ৬ মিনিটে সমতা ফেরাতে মরিয়া চেষ্টা চালায় বাংলাদেশ, কিন্তু কাঙ্ক্ষিত গোল আর আসেনি। ফলে দীর্ঘদিন ধরে এএইচএফ কাপে রাজত্ব করা বাংলাদেশের এবার এশিয়া কাপ মঞ্চে খেলার স্বপ্ন ভেঙে গেল সেমিফাইনালেই।