রিয়াল মাদ্রিদের জয়ধারা থামালো আথলেটিকো। মাদ্রিদ ডার্বিতে লজ্জায় ডুবালো লস ব্লাঙ্কোজদের। নগর প্রতিদ্বন্দ্বীদের বিধ্বস্ত করে অপরাজেয় থাকার রেকর্ডটা আরো সমৃদ্ধ করল দিয়াগো সিমিওনের দল।

ওয়ান্দা মেত্রোপলিতানোয় শনিবার লা লিগার ম্যাচে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ ও আথলেটিকো মাদ্রিদ। দুই নগর প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে লস ব্লাঙ্কোজদের ৫-২ গোলে হারিয়েছে স্বাগতিকেরা।

আথলেটিকোর কাছে রিয়াল আগেও হেরেছে। কিন্তু এত বড় হার স্মরণকালে দেখেনি দলটা। শেষবার ৫ গোল হজম করেছিল ৭৫ বছর আগে, ১৯৫০ সালের নভেম্বরে। সেবার ৬-৩ গোলে হেরেছিল রিয়াল।

দাপুটে জয়ে লা লিগায় নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে কয়েক বছরের আধিপত্যও ধরে রাথল আথলেটিকো। লিগে এই নিয়ে টানা ছয়টি মাদ্রিদ ডার্বিতে অপরাজিত রইল সিমিওনের শিষ্যরা।

এদিন ম্যাচের মাত্র ১৪ মিনিটে গিলিয়ানো সিমিওনের বাড়ানো বল হেডে জালে জড়ান রবিন লে নরমান্ড। এগিয়ে যায় আথলেটিকো। তবে সমতায় ফিরতে দেরি করেনি রিয়াল। ২৫ মিনিটে ব্যবধান ১-১ করেন কিলিয়ান এমবাপ্পে।

৩৬তম মিনিটে রিয়াল ২-১ ব্যবধানে এগিয়েও যায়। বাইলাইন থেকে ভিনিসিয়ুস জুনিয়রের পাঠানো বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন আর্তা গুলের। তবে এগিয়ে থেকে বিরতিতে যেতে পারেনি রিয়াল।

বিরতির আগ মুহূর্তে আথলেটিকোকে সমতায় ফেরান আলেক্সান্ডার সরলথ। দারুণ হেডে রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন এই ফরোয়ার্ড। উত্তাপ ছড়ানো ম্যাচে প্রথামার্ধ শেষ হয় ২-২ গোলের সমতায়।

দ্বিতীয়ার্ধের পুরোটা সময়ই ছিল রিয়ালের জন্য ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন। আর আতলেতিকোর জন্য গোল উৎসবে মাতোয়ারা হওয়ার একের পর এক উপলক্ষ্য। যার শুরুটা করেন হুলিয়ান আলভারেজ, জোড়া গোল করেন তিনি।

৪৯তম মিনিটে ক্রস ঠেকাতে গিয়ে পা দিয়ে গনসালেসের মুখে আঘাত করে বসে গিলের। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আলভারেজ সফল স্পট কিকে ফের এগিয়ে যায় আথলেটিকো।

৬৩ মিনিটে ডি-বক্সের অনেকটা বাইরে থেকে দুর্দান্ত ফ্রি কিকে নিজের দ্বিতীয় গোলটি করেন আলভারেজ। কোর্তোয়া ঝাঁপিয়ে বলে হাত ছোঁয়ালেও আটকাতে পারেননি। ৪-২ গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা।

এরপর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করেন আঁতোয়ান গ্রিজমান। আলেক্স বায়েনার পাস থেকে বল জালে জড়ান তিনি। লা লিগায় টানা ২২ ম্যাচ গোলখরার পর প্রথম গোল এটি তার।

হারলেও সাত ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে আপাতত অবশ্য শীর্ষেই থাকছে শাবি আলোনসো দল। আর এক ম্যাচ কম খেলে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে বার্সেলোনা। ১২ পয়েন্ট আথলেটিকোর।