অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল শনিবার (২ আগস্ট) অনূর্ধ্ব-২০ এএফসির আসর খেলতে লাওস গেছে। এই দলের সাত জন ফুটবলার আছেন জাতীয় দলে। যারা মার্চের এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ দলে থাকতে পারেন। এই সিনিয়র জাতীয় দলকে এশিয়ান কাপের জন্য প্রস্তুত করতে র্যাঙ্কিংয়ে ১০০-এর কম থাকা দলের সাথে ম্যাচ খেলাতে চাইছে বাফুফে। মার্চের আগে পাঁচ থেকে ছয়টি ম্যাচ খেলানোর চেষ্টা। তাই বাফুফে ৩০টি দেশের সাথে যোগাযোগ করেছে। তাদেরকে চিঠি দেয়া হয়েছে। এখন এই দেশগুলোর উত্তরের অপেক্ষায়। বাফুফে ইউরোপ ও এশিয়ার শীর্ষ পর্যায়ের দেশকেই প্রতিপক্ষ হিসেবে চাইছে।
এদিকে অস্ট্রেলিয়ার তৃতীয় স্তরের লিগে খেলার প্রস্তাব পেয়েছেন ঋতুপর্না চাকমা। সাথে আরো কয়েকজন বাংলাদেশী ফুটবলারকে সেই লিগে নিতে অ্যাজেন্টের মাধ্যমে প্রস্তাব এসেছে। অবশ্য তখন জাতীয় দলের ম্যাচ থাকলে ঋতুপর্নাদের অস্ট্রেলিয়ায় লিগ খেলতে পাঠানো হবে না। এই প্রস্তাব আরো আগেই এসেছিল। এরপর অ্যাজেন্ট জানিয়েছিল এশিয়ান কাপের গ্রুপিংয়ের অপেক্ষায় তারা। গ্রুপিং অবশ্য হয়েছে। এখন তাদের জবাবের অপক্ষোয় বাফুফে। জানান বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম।