চলতি ২০২৫ সালের জন্য প্রায় ৬২ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সূত্র মতে, এই বাজেটের মধ্যে চার থেকে পাঁচ কোটি টাকা এখন পর্যন্ত ঘাটতি আছে। এই অর্থও স্পন্সরের মাধ্যমে যোগাড় করা হবে। এই বাজেটের টাকা ফিফা, এএফসি, বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠান, কয়েকটি ব্যাংক থেকে আসবে। নারী ফুটবল দলের সাথে অনেক আগ থেকেই আছে ঢাকা ব্যাংক। এবার পুরুষ জাতীয় ফুটবল দলের জন্য পাঁচ বছরের পৃষ্ঠপোষক হয়েছে ইউনাইডেট কর্মাশিয়াল ব্যাংক।

এছাড়া ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে নিয়ে সিটি ইন্টার স্কুল ফুটবলের স্পন্সর হয়েছে প্রাইম ব্যাংক। এভাবে বিভিন্ন ব্যাংক ফুটবলের পাশে আসায় বাফুফে আরো আশাবাদী অন্য আর্থিক প্রতিষ্ঠানকে নিয়ে।

বৃহস্পতিবারের সভায় বাফুফে সভাপতি তাবিথ আওয়ালকে ধন্যবাদ দেয়া হয় বাফুফের উপর থেকে ফিফার আর্থিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখায়। সভায় বাফুফের ২১ সদস্যের সবাই উপস্থিত ছিলেন। এর মধ্যে সিনিয়র সহ সভাপতি ইমরুল হাসান ও সদস্য মাহিউদ্দিন সেলিম অনলাইনে অংশ নেন।