গতবছর ছাত্র-জনতার আন্দোলনের কারণে প্রতি দলের পাঁচ ম্যাচ পরেই বন্ধ হয়ে যায় সিনিয়র ডিভিশন লিগ। এই লিগ শেষ পর্যন্ত বাতিলই হয়ে যায়। অধিকাংশ ক্লাবেরই আওয়ামীপন্থী শীর্ষ কর্মকর্তারা পলাতক। এখন নতুনভাবে শুরু হচ্ছে এই লিগ।

রোববার ক্লাবগুলোর সাথে আলোচনা শেষে লিগ কমিটির সিদ্ধান্ত, ১৫ সেপ্টেম্বরের মধ্যে হবে দলবদল। আর ১৫ অক্টোবর থেকে মাঠে গড়াবে লিগ। সভা শেষে জানান, মহানগরী ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান সাব্বির আহমেদ আরেফ।

১৮ দলের এই লিগে বিসিএল থেকে নেমে যাওয়া ফরাশগঞ্জ ও উত্তর বারিধারা ক্লাব। তাদের সাথে যোগ হচ্ছে বিসিএল না খেলা নোফেল স্পোর্টিং ক্লাবও। লিগটি সিঙ্গেল লিগের হবে না কি দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে সেই সিদ্ধান্ত এখনো হয়নি।

লিগের ভেন্যু এখন পর্যন্ত কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম। এছাড়া ধুপখোলা মাঠ, গোলাপবাগ মাঠও লিগ কমিটির বিবেচনায়।