২০২৭ এশিয়ান কাপে ‘সি’ গ্রুপের বাছাই পর্বের দলগুলোর মধ্যে সবচেয়ে বড় তারকা কে? এমন প্রশ্নের উত্তর একটাই হামজা চৌধুরী। বাংলাদেশের এই ইংল্যান্ড প্রবাসী ফুটবলার খেলেছেন ইংলিশ লিগের চ্যাম্পিয়ন ক্লাব লেস্টার সিটিতে। যদিও এখন তিনি আছেন চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে।

আগামীকাল লাল-সবুজ জার্সিতে অভিষেক হতে যাচ্ছে এই ডিফেন্সভ মিডফিল্ডারের। জামাল ভুঁইয়া, তারিক কাজী, শাহ কাজেম কিরমানী, রাহবার খানের পর পঞ্চম প্রবাসী হিসেবে বাংলাদেশ দলে খেলতে যাচ্ছেন হামজা। এতে হামজা যেমন রোমাঞ্চিত ঠিক বিপরীতে আতঙ্কিত ভারতীয় শিবির। তাই নিজেদের শক্তি বৃদ্ধি করতে অবসর ভেঙে ফিরিয়ে আনা হয়েছে স্ট্রাইকার সুনীল ছেত্রীকেও। হামজা ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়।

অন্যদিকে সুনীল ছেত্রী জাতীয় দলে গোল করার ক্ষেত্রে ছাড়িয়ে গেছেন ব্রাজিলের কিংবদন্তী পেলেকে। আগামীকাল মেঘালয়ের রাজধানী শিলংয়ের মাঠে ভারত-বাংলাদেশ দু’চির প্রতিদ্বন্দ্বীর ম্যাচ নিয়ে যতটা আলোচনা সেই আলোচনা আরো বেগবান করেছেন হামজা। এবার হামজার সাথে সুনীল ছেত্রীর লড়াইও দেখার অপেক্ষায় দু’দেশের ফুটবল প্রেমীরা।

বাংলাদেশের ফুটবলে আতঙ্কের নাম সুনীল ছেত্রী। এই স্ট্রাইকারের জন্য বিগত সময়গুলোতে জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। ২০১৩ সালের সাফ ফুটবল, সে বছরই ফিফা প্রীতি ম্যাচ এবং ২০২১ সালের বিশ্বকাপ বাছাই পর্ব প্রত্যেক ক্ষেত্রেই সুনীলের গোলে বাংলাদেশের হতাশা। প্রথম দু’বার লিড নিয়েও লাল-সবজুদের ড্র করা। পরের বার ছেত্রীর জোড়া গোলেই ০-২তে হার। অবশ্য বাংলাদেশও সুনীলের উপস্থিতিতে ভারতীয় দলকে হতাশায় ডুবিয়েছিল। ২০২১ সালের মালে সাফে ছেত্রীর গোলে লিড নিয়েছিল। ১০ জনের বাংলাদেশ এরপর ইয়াসিন আরাফাতের গোলে সমতা আনে।

টানা ১২ ম্যাচ জিততে ব্যর্থ হওয়া ভারত সুনীল ছেত্রীকে ফিরিয়ে এনেছে ফরোয়ার্ড লাইনে শক্তি বৃদ্ধির জন্যই। ফিরেই বাজিমাত। মালদ্বীপের বিপক্ষে ৩ গোলের জয়ে এক গোল তার। যদিও ছেত্রীর সাথে হামজার তুলনাটা উড়িয়ে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া। তার মতে, হামজা ইংলিশ লিগে খেলে। তাই হামজাই এগিয়ে। হামজা আসায় বাংলাদেশ দলের শক্তি ও আত্মবিশ্বাস বেড়েছে দ্বিগুণ।

কোচ কাবরেরার মতে, হামজা আসা আর সুনীলের ফেরা দু’টিই বেশ আকর্ষণীয় বিষয়। হামজা আসায় আমাদের দল যেমন শক্তিশালী হয়েছে তেমনি সুনীল ছেত্রী ফেরায় ভারতের দলও ভালো হয়েছে। তবে ম্যাচ শেষে জিতবে কিন্তু একটি দল।

ভারতের কোচের মুখেও হাজমা প্রসঙ্গ। সংবাদ সম্মেলনে মানালো মার্কেজ বলেন, ‘হামজার মতো খেলোয়াড় জাতীয় দলে খেলাটা কেবল বাংলাদেশের জন্যই নয় পুরো এশিয়ার জন্যই মঙ্গলজনক। তার সতীর্থরা তার সাথে খেলে অনুপ্রাণিত হবে।’