ফিফা র্যাংকিংয়ে জর্দানের অবস্থান ৭৪। আর বাংলাদেশ আছে ১৩৩ এ। দুই দলের আগের ম্যাচে বাংলাদেশকে ৫-০ গোলে হারিয়েছিল জর্দান। উজবেকিস্তানের মাঠে এশিয়ান কাপের ২০২১ সালের ঘটনা ছিল সেটি। গত চার বছরে বাংলাদেশ নারী ফুটবল দলের অভূতপূর্ব উন্নতি হয়েছে। তাদের ভান্ডারে দু’টি টানা সাফ ট্রফি। যদিও দলে নেই সাবিনা খাতুন, মাছুরা পারভীন, সানজিদা, কৃষ্ণা রানীর মতো অভিজ্ঞ ফুটবলার। কিন্তু কোচ পিটার জেমস বাটলারের আমিরাত পরীক্ষা পর্ব শেষে দল যে এখন অনেক গোচানো তা স্পষ্ট হয়েছে। সেটাই প্রমাণ মঙ্গলবার রাতে দিয়েছেন আফঈদা খন্দকার প্রান্তিরা। জর্দানের তিন জাতি ফুটবলে পরশু রাতে বাংলাদেশ দল ২-২ গোলে রুখে দিয়েছে স্বাগতিকদের। তা দুই দফা পিছিয়ে পড়েও। এর ফলে জর্দানের মাঠে ইতিহাস গড়লো বাংলাদেশ দল। এই প্রথম লাল-সবুজদের কোনো দল ড্র করলো জর্দানের মাঠে।
আগামী মাসে মিয়ানমারের মাঠে এশিয়ান কাপের বাছাইয়ের প্রস্তুতির জন্য এই তিন জাতি ফুটবলের প্রথম ম্যাচে বাংলাদেশ গোলশূন্য ড্র করেছিল ইন্দোনেশিয়ার সাথে। যাদের র্যাংকিংয়ে ৯৪তে। পরশু আম্মানের কিং আবদুল্লাহ স্টেডিয়ামে পাঁচ মিনিটে জর্দান এগিয়ে গেলেও ৪৩ মিনিটে ছোট শামসুন্নাহার খেলায় ফেরান সফরকারীদের। এরপর ৫৮ মিনিটে ফের এগিয়ে যাওয়া জর্দানের। এই অবস্থায় ৮২ মিনিটে মধ্যপ্রাচ্যের দেশটির দর্শকদের হতাশ করে স্কোর ২-২ করেন শাহেদা আক্তার রিপা।
কোচ পিটার বাটলার জানান, দারুন ম্যাচ খেলেছে মেয়েরা। এই রেজাল্ট প্রাপ্য। মোদ্দা কথা পুরো সপ্তাহে দুর্দান্ত ম্যাচ খেলেছে বাংলাদেশ। তারা এর আগে আরেক শক্তিশালী দল ইন্দোনেশিয়াকে রুখে দিয়েছিল।