ফিফা বিশ্বকাপ ফুটবল–২০২৬ উপলক্ষে ট্রাফিক গুলশান ডিভিশনের উদ্যোগে গুলশান ইয়ুথ ক্লাব ফুটবল মাঠে ‘ডিসি ট্রাফিক গুলশান ফুটবল কাপ’ অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় ‘ব্রাজিল ফ্যানস টিম’কে ৩- ১ গোলে হারিয়ে শিরোপা অর্জন করেছে ‘আর্জেন্টিনা ফ্যানস টিম’।
শুক্রবার অনুষ্ঠিত টুর্নামেন্টে ট্রাফিক গুলশান ডিভিশনের অফিসার ও ফোর্স সদস্যগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও প্রাণবন্ত ফাইনাল খেলায় আর্জেন্টিনা ফ্যানস টিম ৩–১ গোলের ব্যবধানে ব্রাজিল ফ্যানস টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে ব্রাজিল ফ্যানস টিম রানার্সআপ হয়।
খেলায় উপস্থিত ছিলেন ট্রাফিক গুলশান ডিভিশনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: জিয়াউর রহমান। এ ছাড়াও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (লজিস্টিক), ডিএমপি মো: রোকনুজ্জামান সরকার বিশেষ আমন্ত্রিত ব্রাজিল ফ্যানস টিমের খেলোয়াড় হিসেবে মাঠে অংশগ্রহণ করেন, যা খেলায় ভিন্নমাত্রা যোগ করে এবং অংশগ্রহণকারীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বৃদ্ধি করে।
এ সময় বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনা প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা এবং ব্রাজিলের ফেডারেটিভ রিপাবলিকের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস আকস্মিকভাবে মাঠে উপস্থিত হয়ে খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং পারস্পরিক আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ ভাগাভাগি করেন। তাদের উপস্থিতি আয়োজনে বিশেষ তাৎপর্য ও অনন্য মাত্রা যোগ করে।
খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ, দলগত চেতনা এবং পেশাগত বন্ধন আরো সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়।