২৭ মে জর্দান যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেখানে স্বাগতিক জর্দান এবং ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে পিটার জেমস বাটলার বাহিনী।

মিয়ানমারে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের বাছাই পর্বের প্রস্তুতির জন্য এই দু’ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। তাই চলছে বাংলাদেশ দলের অনুশীলন।

সংযুক্ত আরব আমিরাত সফরের আগে কোচের বিপক্ষে বিদ্রোহ করা ১৮ ফুটবলার এরপর বাফুফের ক্যাম্পে যোগ দেন। এর মধ্যে সাবিনা খাতুন, মাছুরা পারভীন, কৃষ্ণা রানী, সানজিদা, ঋতু পর্না, রুপনা চাকমা সহ ১০ জন ভুটান লিগ খেলতে গেছেন। বাকিরা বাটলারের অধীনে প্রশিক্ষণে আছেন। কিন্তু এই সফরে কোচ বাটলার কি বাংলাদেশ দলে ডাকবেন সাবিনাদের। নাকি তাদের রেখেই তারুণ্য নির্ভর দুর্বল দল নিয়ে জর্দান যাবেন।

বাফুফের মহিলা উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরন জানান, ‘এটা টেকনিক্যাল বিষয়। কাজটা কোচের। কোচই ঠিক করবেন কাকে রাখবেন আর কাকে রাখবেন না।’

তিনি বলেন, ‘এদিকে সাবিনারা দেশে ফিরলে এবং জাতীয় দলের ক্যাম্পে যোগ দিলেই তাদের সাথে চুক্তি করা হবে।’