নানা অব্যবস্থাপনা নিয়ে আলোচনা চলছিল আগে থেকেই। এবার স্থগিত হয়ে গেল খেলা। সাংবাদিক লাঞ্ছনা ও শর্তভঙ্গের দায়ে লাতিন বাংলা সুপার কাপ টুর্নামেন্ট স্থগিত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ‘লাতিন–বাংলা সুপার কাপের’ শেষ ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিল দলের মধ্যকার খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে টুর্নামেন্ট স্থগিত হয়ে যাওয়ায় খেলা হচ্ছে না তাদের।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী পরিচালক রুহুল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে আয়োজক প্রতিষ্ঠান এএফবি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডকে ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়।
একইসাথে চিঠিতে টুর্নামেন্টের ভেন্যু জাতীয় স্টেডিয়ামের বরাদ্দ বাতিলের ঘোষণাও করা হয়।
চিঠিতে ম্যাচ টিকিট বিক্রির ৫০ শতাংশ অর্থ পরিশোধ না করা, খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার-পরিচ্ছন্ন না করা, স্পন্সরশিপ ও সম্প্রচার স্বত্ব নিয়ে কোনো তথ্য না দেয়া—এসব কারণে আয়োজকদের প্রতি অসন্তোষ প্রকাশ করে মন্ত্রণালয়।
এসব অনিয়মের কারণে ৯ ডিসেম্বর বিকেল ৪টার মাঝে টিকিট বিক্রির অর্ধেক অর্থসহ সব আর্থিক হিসাব জমা দিতে বলা হয়েছে।
অন্যদিকে সোমবার (৮ ডিসেম্বর) রাতে ম্যাচ চলাকালে জাতীয় স্টেডিয়ামে ক্রীড়া সাংবাদিক রুবেল রেহান বেসরকারি নিরাপত্তা কর্মীদের হামলার শিকার হন। ঘটনাটি ক্রীড়া মন্ত্রণালয় ‘গুরুতর ও অগ্রহণযোগ্য’ হিসবে উল্লেখ করে।
ম্যাচ স্থগিতের পেছনে এটিকেও অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে চিঠিতে।