গল টেস্টে জয়ের জন্য শ্রীলঙ্কাকে ২৯৬ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। তবে লক্ষ্য তাড়ায় মাত্র ৩৯ ওভার পাচ্ছে স্বাগতিকেরা। অর্থাৎ ওভার প্রতি নিতে হবে ৮ রান। সাদা পোশাকের ক্রিকেটে যা বেশ কঠিন।

আজ শনিবার গল টেস্টের পঞ্চম দিনে এসে ইনিংস ঘোষণা করল বাংলাদেশ। ৬ উইকেটে ২৮৫ রান তুলে ডিক্লেয়ার দেন নাজমুল হোসেন শান্ত। লিডসহ বাংলাদেশের পুঁজি দাঁড়ায় ২৯৫ রান।

ইনিংস ঘোষণার আগে অবশ্য নিজের সেঞ্চুরি তুলে নেন বাংলাদেশ অধিনায়ক। যা তার ক্যারিয়ারের সপ্তম টেস্ট সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১৯৯ বলে ১২৫ রানে অপরাজিত থাকেন তিনি, সাথে ছিলেন নাইম (৭)।

দিনটা অবশ্য আরো চ্যালেঞ্জিং হতে পারতো। ৩ উইকেটে ১৭৮ রান নিয়ে শনিবার পঞ্চন দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ২০০ রানের গণ্ডি অতিক্রম করতেই শুরু হয় বৃষ্টি। খেলা বন্ধ থাকে তিন ঘণ্টার বেশি।

এরপর যখন খেলা শুরু হয়, রোমাঞ্চ তখন অনেকটাই কমে গেছে। ম্যাচ ড্র হওয়ার পথে।

উল্লেখ্য, প্রথম ইনিংসে আগে ব্যাট করে ৪৯৫ রান করে বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কা করে ৪৮৫ রান।