সেমিফাইনাল নিশ্চিত হয়েছে আগেই, আজ বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে। যেখানে আগে ব্যাট করতে নেমে ভালো ভিত পেলেও বড় পুঁজি গড়তে পারেনি। কোনো রকমে পেরিয়েছে দুই শ’ রানের গণ্ডি।
দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কান যুবাদের মুখোমুখি হয়েছে জুনিয়র টাইগাররা। বুধবার টসে হেরে ব্যাট করতে নেমে ৪৬.৩ ওভারে ২২৫ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।
অথচ উদ্বোধনী জুটিতে ভালো কিছুর সম্ভাবনা ছিল, রানেও ছিল বেশ গতি। জাওয়াদ আবরার ও রিফাত বেগ মিলে ১২.২ ওভারে বিনা উইকেটে তুলে ফেলেন ৮৪ রান। তবে এরপরই থামতে হয় আবরারকে।
মারকুটে ব্যাটিংয়ে ৩৬ বলে ৪ ছক্কা ও ৪ চারে ৪৯ রান করে আউট তিনি। কিছুক্ষণ পর বিদায় নেন আরেক ওপেনার রিফাত বেগও। ৪৮ বলে ৩ চারের মারে ৩৬ রান আসে তার ব্যাট থেকে।
এরপর তৃতীয় উইকেটে হাল ধরেন আজিজুল হাকিম ও কালাম সিদ্দিকী। ৪৮ বলে ২৯ রান করে তামিম আউট হওয়ার পর হঠাৎ ছন্দপতন শুরু হয়। ২ উইকেটে ১৫৬ করা বাংলাদেশ পরের ৩৫ রানে হারায় আরো ৬ উইকেট।
যেখানে বলার মতো স্কোর কেবল কালামের ৬০ বলে ৩২। এরপর ফরিদ হাসানের ৪০ বলে ২৯ ও শেষ দিকে ইকবাল হোসেন ইমনের ১২ রানে কোনো রকমে দুই শ’ পেরোয় বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হতে লঙ্কানকদের প্রয়োজন ২২৬ রান।
শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন কাবিজা গামাগে। বীরন চামুদিথা ও নিনসারা নেন ২টি করে উইকেট।