আগের মৌসুমে অতটা তারকাসমৃদ্ধ দল না গড়েও ঠিকই শিরোপার জিতে নেয় রংপুর রাইডার্স। তবে শিরোপা ধরে রাখার মিশনে শক্তিশালী দল গঠন করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

গ্লোবাল সুপার লিগের (জিএসএল) প্রথম আসরে শিরোপা জেতে বাংলাদেশী ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্স। এবার ১০ জুলাই থেকে গায়ানায় অনুষ্ঠিত হতে যাচ্ছে টুর্নামেন্টের দ্বিতীয় আসর।

এই আসরকে সামনে রেখে নিজেদের ঢেলে সাজিয়েছে রংপুর। বেশ তারকাসমৃদ্ধ দল গড়েছে তারা৷ ভালো মানের দেশীয় ক্রিকেটারদের পাওয়া নিয়ে শঙ্কা থাকলেও তা কেটে গেছে। সৌম্য, মাহিদুলদের পাওয়া গেছে।

আসর চলাকালীন সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। জাতীয় দলের সিরিজ থাকায় পাওয়া যাচ্ছে না গত আসরে দারুণ পারফর্ম করা রিশাদ হোসেন ও শেখ মেহেদীকে।

তবে রংপুরের হয়ে গ্লোবাল সুপার লিগ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন সৌম্য সরকার। ফগর আসরে ব্যাট হাতে আলো ছড়িয়ে টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হয়েছিলেন তিনি। এবারও তার উপর থাকবে দায়িত্ব।

এছাড়া নাইম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, আবু হায়দার রনি, রাকিবুল ইসলাম, ইয়াসির আলী রাব্বির মতো ক্রিকেটারদের দেখা যাবে রংপুরের জার্সিতে।

বিদেশি নির্বাচনেও মুন্সিয়ানা দেখিয়েছে রংপুর। পাকিস্তানের ইফতেখার আহমেদের পাশাপাশি আছেন কাইল মেয়ার্স, তাববিজ শামসি, ইব্রাহিম জাদরান, আকিফ জাভেদ, হারমিত সিং ও খাওয়াজা নাফে।

বরাবরের মতো দলটার নেতৃত্বে থাকছেন নুরুল হাসান সোহান। গুঞ্জন ছিল রংপুরের জার্সিতে খেলতে পারেন সাকিব আল হাসান৷ তবে ঘোষিত দলে নেই তিনি।

এবারের গ্লোবাল লিগে রংপুরের প্রতিপক্ষ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, হোবার্ট হ্যারিকেন্স, দুবাই ক্যাপিটালস ও সেন্ট্রাল স্ট্যাগস।

রংপুর তাদের প্রথম ম্যাচ খেলবে ১৩ জুলাই গায়ানার বিপক্ষে। ১৪ জুলাই নিজেদের দ্বিতীয় ম্যাচে হোবার্ট। ১৬ জুলাই দুবাই ও ১৭ জুলাই স্ট্যাগসের বিপক্ষে শেষ ম্যাচ খেলবেন সোহানরা।

প্রথম আসরের মতো এবারো কোনো প্লে-অফ নেই। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সরাসরি ফাইনালে খেলবে।

রংপুর রাইডার্স- নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, নাইম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, আবু হায়দার রনি, রাকিবুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি, কাইল মেয়ার্স, তারবিজ শামসি, ইব্রাহিম জাদরান, ইফতেখার আহমেদ, আকিফ জাভেদ, হারমিত সিং, খাজা নাফে।