গল টেস্টে জেতার সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ড্র নিয়েই থাকতে হয় তৃপ্ত। তবে সুযোগ আছে কলম্বো টেস্টে জয় তুলে নেয়ার। মাঠে নামার আগে কোচও জানালেন, তারাও তাই ভাবছেন।
দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে রাত পোহালেই মাঠে নামছে বাংলাদেশ। বুধবার সকাল সাড়ে ১০টায় কলম্বোয় স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা। সিরিজ জিততে হলে যেখানে জয়ের বিকল্প নেই।
আর জয় ছাড়া আর কিছু ভাবছেন না প্রধান কোচ ফিল সিমন্সও। ম্যাচ-পূর্বক সংবাদ সম্মেলনে মঙ্গলবার ফিল সিমন্স বলেন, ‘স্বাগতিক দল তো ভালো ক্রিকেট খেলছে। তাই ম্যাচ জেতা সহজ হবে না। তবে আমরা জয়ের চেষ্টাই করব।’
গল টেস্টে ড্র করলেও ক্রিকেটপ্রেমীদের দাবি, চাইলে বাংলাদেশ ম্যাচটা জিততেও পারতো। তাদের কথা, ম্যাচটা জেতার চেষ্টা করেনি টাইগাররা।
তবে সিমন্স বললেন, ‘গল টেস্টেও চেষ্টা করেছি জয়ের পথটা খুঁজে বের করতে। গলে উইকেট খুব ভালো ছিল, শেষ দিকেও ব্যাটাররা সুবিধা করে নিচ্ছিল। তাদের আবার দুই বাঁহাতি বোলার ছিল। বৃষ্টির কারণে অনেক ওভার শেষ হয়ে যায়। এই কারণে আমাদের পরিকল্পনা বদলাতে হয়েছে।’
তবে সিমন্স গল টেস্টের শিক্ষা কাজে লাগাতে চান কলম্বোতে। বলেন, ‘গত ম্যাচ থেকে আমরা অনেক আত্মবিশ্বাস পেয়েছি। বেশিভাগ ক্ষেত্রেই প্রথম টেস্টে আমরা একটু স্লো থাকি। তবে এবার আমরা শুরু থেকেই ভালো করেছি।’
সিমন্স জানান, বাংলাদেশ মাঠে নামবে আত্মবিশ্বাসী হয়ে। তিনি বলেন, ‘এটা দলের সবাইকে আত্মবিশ্বাস দিচ্ছে। সবাই নিজেদের সামর্থ্য ও সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী হয়ে দ্বিতীয় টেস্টে নামছে।’
আগের ম্যাচে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে কলম্বোতে তাকে পাওয়া নিয়ে দেখা দেয় সংশয়। অনুশীলনে হাতে চোট পান তিনি। তবে সিমন্স জানান, শান্ত ঠিক আছেন।
তিনি বলেন, ‘শান্ত ঠিকঠাক আছে। আঙুলে একটু চোট পেয়েছিল। তবে স্কিপার ঠিকঠাক আছে।’