এনসিএল মাঠে গড়াতে দেরি হলেও ক্রিকেটাররা সুযোগ লুফে নিতে দেরি করছেন না। সুযোগ হাতছাড়া করেননি মোসাদ্দেক হোসেন সৈকতও। রংপুরের বিপক্ষে ঢাকার হয়ে ৩২ বলে ৩৪ রান করেন তিনি।
রান পেয়েছেন তরুণ ব্যাটার আরিফুল ইসলামও। ৪৯ বলে ৫৯ রানের ইনিংস খেলেন তিনি। তাতে আগে ব্যাট করা ঢাকা পায় ১৭১ রানের পুঁজি। জবাবে রংপুরের ইনিংস থামে ১০০ রানেই। ৭১ রানের জয় পায় ঢাকা।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিন টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রংপুর। তবে শুরুটা ভালো হয়নি, ৫.৫ ওভারে ৩২ রানে ২ উইকেট হারায় ঢাকা। আশিকুর ০ ও জিশান ফেরেন ১৭ করে।
এরপর আরিফুল ও মাহিদুল ইসলাম মিলে ১১.৪ ওভারে ৬৭ রান এনে দেন দলকে। মাহিদুল আউট হন ২২ করে। তবে আসল কাজটা করেন মোসাদ্দেক। রানের গতি বাড়ান তিনিই। আরিফুলের সাথে গড়েন ১০৩ রানের জুটি।
২০০ স্ট্রাইক রেটে ব্যাট চালিয়ে ৩২ বলে করেন ৬৪ রান, যেখানে ছিল ৫টি চার ও ৪টি ছক্কা।
রান তাড়ায় নেমে রংপুরের বেশিরভাগ ব্যাটার ছিলেন আসা যাওয়ার মিছিলে। নাইম ইসলাম কিছুটা চেষ্টা চালিয়েছেন, শেষ পর্যন্ত টিকেও ছিলেন। এক প্রান্তে দাঁড়িয়ে থেকে কেবল দলের পতন দেখে গেলেন তিনি।
ওয়ানডাউনে নেমে অপরাজিত ছিলেন। দলের সর্বোচ্চ রানও তার। ৩৭ বলে এক চারে স্কোরকার্ডে জমা করেন ২৬ রান। শেষ দিকে আবু হাসিম ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। কিন্তু মোসাদ্দেক তাকে ফেরান ২৫ রানে।
ঢাকার বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি তাইবুর রহমান, ৩ উইকেট নেন তিনি। রিপন মন্ডলের শিকার ২ উইকেট। আর ব্যাটিংয়ের পাশাপাশি হাত ঘুরিয়ে মোসাদ্দেক তুলে নেন এক উইকেট।