জাতীয় দলকে বিদায় বলেছেন বেশিদিন হয়নি, তবে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন টিম সাউদি। কিন্তু ক্রিকেটার নয়, কোচ হিসেবে প্রত্যাবর্তন ঘটছে তার। ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব কাঁধে নিচ্ছেন তিনি।
২০০৮ সালের মার্চে নেপিয়ারে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই টেস্ট অভিষেক হয়েছিল তার। আবার এই একই প্রতিপক্ষের সাথেই গত ডিসেম্বরে খেলেন নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ। এবার সেই ইংলিশরাই আপন করে নিলো তাকে।
সব কিছু ঠিক থাকলে সহসাই ইংল্যান্ডেরই পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পাচ্ছেন এই কিউই তারকা। ইংল্যান্ডের প্রধান কোচ সাবেক কিউই তারকা বেন্ডন ম্যাককালামের পরামর্শেই সাউদিকে ডাকা হয়েছে।
যদিও কিছুদিন আগেই ইংল্যান্ড জাতীয় দলের পেস বোলিং পরামর্শকের দায়িত্ব নিয়েছিলেন জেমস অ্যান্ডারসন। তবে ল্যাঙ্কাশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট ও টি-টোয়েন্টি ব্লাস্ট খেলতে পদত্যাগ করেছেন তিনি।
সেই শূন্য পদে আসছেন সাউদি। যদিও তিনি নিজেও ব্যস্ত ছিলেন খেলায়। চলতি বছরের জানুয়ারিতেও খেলেছেন সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে। খেলছেন বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগেও।
ম্যাককালামের ডাকে সাড়া দিয়ে এবার শুরু করছেন কোচিং ক্যারিয়ার। একটা সময় মাঠের ক্রিকেটে বেশ জমে উঠেছিল তাদের জুটি। নিউজিল্যান্ডের হয়ে ১৭০টি ম্যাচে একসাথে খেলেছেন ম্যাককালাম ও সাউদি।
যেখানে ৭৮ ম্যাচে কিউই পেসারের অধিনায়ক ছিলেন ম্যাককালাম। এছাড়া আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও টি-টোয়েন্টি ব্লাস্টে মিডলসেক্সের হয়ে ড্রেসিং রুম শেয়ার করেছেন তারা দু’জন।
এখন দেখার বিষয় কোচিং ক্যারিয়ারে কেমন জমে উঠে দুই বন্ধুর রসায়ন। ২২ মে ট্রেন্ট ব্রিজে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে ইংল্যান্ডের ব্যস্ততা শুরু হবে। সেখানেই ডাগ আউটে দেখা যেতে পারে সাউদিকে।