গত নয় বছরে যে দলটার সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। তবে আজ সেই পাকিস্তানকেই ধবলধোলাইয়ের অপেক্ষায় টাইগাররা। সবকিছু ঠিক থাকলে মিরপুরে হতে পারে ইতিহাস রচনা।
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আগের দুই ম্যাচের মতো মিরপুরে সন্ধ্যা ৬টায় শুরু হবে খেলা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৯ বছরের পথচলায় কখনো বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারেনি পাকিস্তান। গেল ৯ বছরে তো কোনো ম্যাচও হারেনি। তবে এবারের সফরটা যেন সব হিসেব বদলে দিয়েছে।
সিরিজের প্রথম ম্যাচ জিতে প্রথমে নয় বছরের জয়খরা কাটায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করে সিরিজ। এবার স্বাগতিকদের কাছে ধবলধোলাইয়ের শঙ্কায় পাকিস্তান।
গত মে মাসেও লাহোরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। এবার তা ফিরিয়ে দেয়ার পালা। আজ সিরিজের শেষ ম্যাচটি জিতে গেলে ইতিহাস হবে।
টেস্ট ও ওয়ানডেতে পাকিস্তানকে আগেই ধবলধোলাই করার স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবার টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ধবলধোলাই দিতে পারলে সাফল্যের ষোলকলা পূর্ণ হবে।
এই ম্যাচটা কেবল ইতিহাস গড়ার নয়, জয় পেলে র্যাঙ্কিংয়েও মিলতে পারে বড় সুখবর। একধাপ এগিয়ে আসতে পারে বাংলাদেশ, পেছনে ফেলে দেবে আফগানিস্তানকে।
বর্তমানে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে দশম স্থানে, আর পাকিস্তান রয়েছে অষ্টম অবস্থানে। মাঝে নবম স্থান দখলে রেখেছে আফগানিস্তান।
যদি বাংলাদেশ সিরিজের শেষ ম্যাচটিও জিতে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করতে পারে, তবে টাইগারদের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়াবে ২২৩। সমান পয়েন্ট আফগানিস্তানেরও।
তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকলে বাংলাদেশ উঠে যেতে পারে এক ধাপ ওপরে, নবম স্থানে। এতে করে র্যাঙ্কিংয়ে আফগানিস্তান চলে যাবে দশম স্থানে। এমন সুযোগ নিশ্চয়ই হাতছাড়া করতে চাইবে না, লিটন বাহিনী।