সাকিব আল হাসানের মাঠে ফেরা এখন কেবল সময়ের অপেক্ষা। ইতোমধ্যে পিএসএলের বলয়ে ডুকে গেছেন তিনি, যোগ দিয়েছেন লাহোর কালান্দার্স শিবিরে। বিষয়টি নিশ্চিত করেছে ফ্রাঞ্চাইজিটি।
শুক্রবার রাতে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করে তার ইসলামাবাদে পৌঁছানোর খবর জানায় ফ্রাঞ্চাইজিটি। সাকিবকে কিংবদন্তী আখ্যা দিয়ে তারা লিখে, ‘অপেক্ষার অবসান! সাকিব আল হাসান পাকিস্তানে পৌঁছেছেন। বাংলার কিংবদন্তিকে কিছু বলার আছে...।’
২০২৩ সালের পর আবারো পিএসএল খেলতে যাচ্ছেন সাকিব। ২০১৬ সালে করাচির জার্সিতে পিএসএলে অভিষেক হয় তার। এরপর তিন মৌসুম মিলিয়ে ম্যাচ খেলেন ১৪টি। যেখানে ১৮১ রানের সাথে নেন ৮টি উইকেটও।
সাকিব এবার লাহোর দলে সুযোগ পেয়েছেন মূলত ড্যারিল মিচেলের বদলি হিসেবে। চোটের কারণে পিএসএলের বাকি অংশে খেলছেন না মিচেল। এদিকে বোলিং নিষিদ্ধ থাকায় পিএসএলের ড্রাফট থেকে তখন দল মেলেনি সাকিবের।
সাকিবের দল লাহোর পিএসএলের প্লে-অফের দৌড়ে ভালোভাবে টিকে আছে। ৯ ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের চারে তারা। ফলে সবকিছু ঠিক থাকলে প্লে-অফে সাকিব হয়ে উঠতে পারেন লাহোরের তুরুপের তাস।