আয়ারল্যান্ডের বিপক্ষে গত ডিসেম্বরে ধবলধোলাই হবার মাশুল দিতে হলো বাংলাদেশকে। বিশ্বকাপের বাছাইপর্ব ও গত বিশ্বকাপের পারফরম্যান্সও প্রভাব ফেলেছে দলের উপর। র্যাঙ্কিয়ে বড় ধাক্কা খেয়েছে টাইগ্রেসরা।
আইসিসি নারী টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে পিছিয়ে গেছে বাংলাদেশ। এক ধাপ নেমে বর্তমানে ১০ নম্বরে রয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। সিরিজে একটি ম্যাচও জিততে না পারায় পয়েন্ট হারিয়ে পিছিয়ে পড়ে টাইগ্রেসরা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খুব একটা ভালো সময় কাটছে না জ্যোতিদের। টি-টোয়েন্টিতে বাংলাদেশ নারী দলের অবস্থা বেহাল। সর্বশেষ খেলা ৯ ম্যাচে জয়ের মুখ দেখতে পারেনি তারা। আর শেষ ২৩ ম্যাচে জয় মাত্র ৩টি।
যার মাশুল দিতে হলো র্যাঙ্কিংয়ে। এবারের হালনাগাদে ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় নেয়া হয় ৫০ ভাগ, আর পরের এক বছরের পারফরম্যান্স বিবেচনায় আনা হয় শতভাগ।
৫০ ভাগ বিবেচনার সময়টাতে বাংলাদেশ ৩৬ ম্যাচের মধ্যে জিতেছে ১৩টিতে, আর শতভাগ বিবেচনার মেয়াদকালে বাংলাদেশের জয় ছিল ১৭ ম্যাচের মধ্যে কেবল তিনটিতে। ফলে রেটিং পয়েন্ট (১৯২) কমে গেছে।
রেটিং কমায় একধাপ পিছিয়ে গেছে বাংলাদেশ। নয় থেকে দশে নেমে গেছে তারা। অন্যদিকে বাংলাদেশের জায়গা নিয়েছে আয়ারল্যান্ড, যারা উঠে এসেছে নবম স্থানে।
তবে র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। সেরা অবস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। আগের মতোই দুইয়ে ও তিনে আছে ইংল্যান্ড ও ভারত।
নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট বাড়লেও অবস্থান আছে চারেই। আর পাঁচে আছে দক্ষিণ আফ্রিকা, ছয়ে ওয়েস্ট ইন্ডিজ, সাতে শ্রীলঙ্কা, আটে পাকিস্তান।