অনেক জলঘোলার পর অবশেষে চূড়ান্ত হয়েছে এশিয়া কাপের দিনক্ষণ। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই শ্রেষ্ঠত্বের এই মহারণ। অন্য সব আসরের মতো এবারো আলোচনায় ভারত দল।

যেকোনো আসর এলেই ভারতকে নিয়ে শুরু হয়ে যায় চুলচেড়া বিশ্লেষণ। হট ফেভারিট হিসেবে যেমন আলোচনায় আসে তারা, তেমনি কেমন হবে ভারত দল, তা নিয়েও ছড়ায় নানা কথা।

তবুও দলটায় পারফর্মারের কমতি নেই। এত এত পারফর্মারের ভিড়ে স্কোয়াড সাজানোই বড় চ্যালেঞ্জ নির্বাচকদের জন্য। সব প্রশ্নের উত্তর নিয়েই যে তাদের মুখোমুখি হতে হয় শতকোটি দেশবাসীর।

তাছাড়া দলটা এখন টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়ন। আবার সর্বশেষ এশিয়া কাপের শিরোপাও জিতেছে তারা। এদিকে বিরাট কোহলি, রোহিত শর্মারাও নেই এখন এই সংস্করণে।

সূত্র বলছে, ১৯ বা ২০ আগস্ট এশিয়া কাপের দল ঘোষণা করবে অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচন কমিটি। তার আগে সব ক্রিকেটারের মেডিক্যাল রিপোর্ট দেখা হবে সুক্ষ্মভাবে।

কেন্দ্রীয় কোচিং সেন্টারের স্পোর্টস সায়েন্স টিমের মেডিক্যাল রিপোর্ট পাওয়ার পরই স্কোয়াড চূড়ান্ত করা হবে। তবে ইতোমধ্যেই ভারতের সংবাদমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে এই সম্পর্কিত নানা তথ্য।

জানা গেছে, এশিয়া কাপের স্কোয়াডে জায়গা হচ্ছে না দারুণ ছন্দে থাকা যশস্বী জয়সাওয়ালের। থাকছেন না সাই সুদর্শন ও সর্বশেষ ২০২২ সালে টি-টোয়েন্টি খেলা অভিজ্ঞ লোকেশ রাহুল।

শ্রেয়াস আইয়ারকেও রাখা হচ্ছে না এশিয়া কাপে। তবে বিস্ময় হতে পারে মোহাম্মদ সিরাজের না থাকা। সম্প্রতি টেস্টে দারুণ সময় পার করলেও টি-টোয়েন্টিতে তাকে ভাবছে না বিসিসিআই।

জাতীয় দলের নিয়মিত মুখ রিশাভ পান্তকে দেখা যাবে না চোটের কারণে। একই কারণে থাকছেন না নীতিশ কুমার রেড্ডিও। সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে খেললেও এশিয়া কাপে হয়তো দেখা যাবে না শামিকেও।

জানা গেছে, ব্যাটিং পজিশনের শীর্ষ ছয়ে অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্য কুমার, তিলক ভার্মা, স্যাঞ্জু স্যামসন ও হার্দিক পান্ডিয়ার অবস্থান নিয়ে কোনো পরীক্ষা-নিরীক্ষার ইচ্ছা নেই টিম ম্যানেজমেন্টের।

উইকেটরক্ষক পদে স্যামসন প্রথম পছন্দ হলেও দ্বিতীয় উইকেটরক্ষক নিয়ে জিতেশ শর্মা এবং ধ্রুব জুরেলের মধ্যে লড়াই হবে। স্পিন অলরাউন্ডার হিসেবে থাকবেন অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর।

শঙ্কা থাকলেও শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে এশিয়া কাপে থাকছেন বুমরাহ। তার নেতৃত্বে পেস বোলিং বিভাগে আরো থাকছেন আরশদীপ সিং। তৃতীয় পেসার হিসেবে লড়াই হবে প্রসিধ কৃষ্ণা ও হারশিত রানার।

স্পিন বিভাগে কূলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী আছেন বিবেচনায়।

ভারতের সম্ভাব্য স্কোয়াড

সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), শুভমান গিল, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), তিলক ভার্মা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, আরশদীপ সিং, হারশিত রানা/প্রসিধ কৃষ্ণা, হার্দিক পান্ডিয়া, জিতেশ শর্মা/ধ্রুব জুরেল।