ভারত-পাকিস্তান যুদ্ধ গোটা এশিয়ান ক্রিকেটকেই যেন স্তব্ধ করে দিয়েছে। পুরনো সব পরিকল্পনা বাতিলের পথে, বদলে গেছে সব সমীকরণ। দ্বিপাক্ষিক সিরিজগুলো তো বটেই, হুমকির মুখে এশিয়া কাপও।
দুই দেশে সংঘাত অনেক আগেই প্রভাব ফেলেছে ক্রিকেটে। উত্তেজনার জেরে মাঝপথেই বন্ধ হয়ে গেছে আইপিএল ও পিএসএল।
স্থগিত হয়ে যাওয়া এই দুই ফ্রাঞ্চাইজি লিগই হয়ে উঠেছে গলার কাঁটা। শঙ্কায় ফেলে দিয়েছে পূর্ব নির্ধারিত সূচিকে। যেখানে বড় ধাক্কা খাবে বাংলাদেশই, যুদ্ধে লিপ্ত দুই দেশের সাথেই খেলা আছে টাইগারদের।
পাকিস্তানের বিপক্ষে চলতি মাসেই মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ দলের। ২৫ মে থেকে শুরু হওয়ার কথা দুই দলের মধ্যকার ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এমনকি সূচিও প্রকাশ করা হয়েছিল।
তবে এমন উত্তপ্ত পরিস্থিতিতে টাইগাররা পাকিস্তান সফরে যাবে কি না, সেটাই বড় প্রশ্ন। অবশ্য পাকিস্তানে না গিয়ে আরব আমিরাতেও মুখোমুখি হতে পারে দুই দল। তবে এখনি কোনো সিদ্ধান্তে আসছে না দুই দেশ।
আরো কিছুদিন অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিতে চায় বাংলাদেশ ও পাকিস্তান। এই প্রসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আন্তর্জাতিক বিভাগের পরিচালক উসমান ওয়াহলা স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘সিরিজের এখনো প্রায় দুই সপ্তাহ বাকি। তাই শঙ্কার কিছু দেখছি না।’
‘এখনো এমন কোনো পরিস্থিতি হয়নি যাতে তা বন্ধ করতে হয়। আমরা বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে আশাবাদী এবং নিয়মিত বোর্ড টু বোর্ড যোগাযোগ হচ্ছে।’
পাকিস্তান সিরিজ নিয়ে যেমন-তেমন, বড় শঙ্কায় ভারতের বাংলাদেশ সফর। যেখানে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে স্থগিত হয়ে যাওয়া আইপিএল। যা মাঠে গড়াতে কর্তৃপক্ষকে নতুন সূচি ও তারিখ নির্ধারণ করতেই হচ্ছে।
ব্যাপারটি অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে বাংলাদেশে ভারতের সফরকে। ভারতের টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি ম্যাচ আয়োজন করা হতে পারে বাংলাদেশ সফরে না এসে।
সূচি অনুসারে চলতি মাসেই আইপিএল শেষ হয়ে যাওয়র কথা ছিল। এরপর জুনের প্রথম সপ্তাহে ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ খেলার পরিকল্পনা বিসিসিআইয়ের। এরপর ভারতের পরবর্তী সফর ছিল বাংলাদেশে।
তবে বিসিসিআই সফরটি এখন আর করতে চায় না বলে জানিয়েছেন টাইমস অব ইন্ডিয়া। বরং, ওই সময় আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজন করা হতে পারে।
অর্থাৎ আইপিএলের জন্য আগস্ট-সেপ্টেম্বর স্লটই বরাদ্দ করতে পারে ভারত। সেটা হলে তারা বাংলাদেশ সফরে তো আসবেই না, এমনকি সেপ্টেম্বরে এশিয়া কাপ থেকেও সরে দাঁড়াতে পারে।
টাইমস অব ইন্ডিয়া বলছে, এমনকি যদি আইপিএলের বাকি অংশ ভারতের বাংলাদেশ সফর ও এশিয়া কাপের আগে শেষও হয়ে যায়, তবু এই সফর এবং এশিয়া কাপ বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি।